২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ছাত্রলীগে গোলাগুলি, সাংসদের ভাতিজা নিহত

কুমিল্লা শহরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের এক ভাতিজা নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 02:48 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

নিজের এলাকায় নিহত আহসান হাবীব সমু (৩৫) সংঘর্ষ থামাতে গিয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা বাহার।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা শহরের মুন্সেফ বাড়ি এলাকায় ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায় বলে সদর থানার ওসি খোরশেদ আলম জানান।

মুন্সেফ বাড়ি এলাকায় সংসদ সদস্য বাহার এবং নিহত সমু উভয়েরই বাড়ি।

ওসি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপুর ১টার দিকে ছাত্রলীগের সালেহ আহমেদ রাসেল ও জহিরুল ইসলাম রিন্টুর অনুসারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তাদের থামাতে গিয়ে সমু গুলিবিদ্ধ হন।

সমুকে কুমিল্লা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সমু ‘গার্ড বাংলাদেশ’ নামের একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচালক।

সংসদ সদস্য বাহার সাংবাদিকদের বলেন, তার ভাতিজা সমু ব্যবসা করতেন। ছাত্রলীগ কিংবা যুবলীগ কোনো সংগঠনই করতেন না তিনি।

মুন্সেফবাড়ি এলাকায় পান্না চক্রবর্তীর বাড়িতে ছাত্রলীগ নেতা রাসেলের পক্ষের কর্মীরা হামলা চালিয়ে তার দুই ছেলে প্রীতম ও রনিকে আহত করে বলে বাহার জানান।

“সে সময় সমু তাদের বাঁচাতে গেলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে।”

আহত প্রীতম ও রনি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তাদের চাচা মনি চক্রবর্তী। ঢাকা প্রেসিডেন্সি কলেজের বিবিএ’র ছাত্র প্রীতমকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসানউদ্দিন টুটুল সাংবাদিকদের বলেছেন, রাসেল ও রিন্টু কেউই জেলা ছাত্রলীগের নেতা নন।

“জেলা ছাত্রলীগের ১৫ সদস্যের আংশিক কমিটি রয়েছে। রাসেল-রিন্টু বিচ্ছিন্ন দুটি গ্রুপের নেতৃত্ব দেয়।”

রাসেল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর ছাত্রলীগ নেতা রিন্টু কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সহসভাপতি (ভিপি) ছিলেন।