উস্কানির চেষ্টায় হেফাজত: ইমরান
হেফাজতে ইসলামের মহাসচিব জুনাইদ বাবুনগরীর ‘উস্কানিমূলক’ বক্তব্য দেশে বৃহত্তর অরাজকতা তৈরির অপচেষ্টার ইঙ্গিত বলে মন্তব্য করেছেন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনে থাকা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
‘দেশের একমাত্র নাস্তিক গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের কবর রচনা করতে হেফাজত রাজপথে থাকবে’- বগুড়ায় মঙ্গলবার জুনায়েদ বাবুনগরীর এ বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার এ কথা বলেন ইমরান।
‘গণজাগরণ ঘরে ঘরে’ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার বিকেলে ফার্মগেইটের একটি উদ্যানে এক সংবাদ সম্মেলন থেকে তিনি বলেন, “হেফাজত ধর্মকে পুঁজি করে ধর্মের সার্টিফিকেট দেয়ার কাজে লিপ্ত রয়েছে।
“কার ধর্ম আছে, কার নেই, সেটা ফয়সালা করার অধিকার কোনো ব্যক্তির নেই।অথচ নিজেদের রাজনৈতিক লিপ্সা চরিতার্থ করতে তারা ধার্মিক-অধার্মিকের সার্টিফিকেটের দোকান খুলেছে।”
ইমরান সরকার বলেন, “ব্যক্তি হিসেবে আমি বা আমার সহযোদ্ধারা এইসব হুমকি-ধমকিতে ভীত নই।আমাদের অনেক সহযোদ্ধা এই যুদ্ধে ইতিমধ্যেই প্রাণ দিয়েছেন এবং প্রয়োজনে আমরা বাকিরাও প্রাণ দিতে প্রস্তুত আছি।”
তিনি বলেন, গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে বিভিন্ন অপশক্তি একসঙ্গে কাজ শুরু করেছে। অযাচিতভাবে বাবুনগরীর এই হুমকি থেকে মনে হচ্ছে, বৃহত্তর একটি ষড়যন্ত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।
“এই হুমকি ও ষড়যন্ত্র গণজাগরণ মঞ্চের বিরুদ্ধেই শুধু নয়, পর্দার আড়ালে যে কোনো আপসের সম্ভাবনাও তৈরি করতে পারে।”
যুদ্ধপরাধীদের বিচারকে এই সময়ের কঠিন বাস্তবতা উল্লেখ করে তা মেনে নিতে হেফাজতে ইসলামের প্রতি আহ্বান জানান তিনি।
গত বছর ৫ মে মতিঝিলে হেফাজতের তান্ডবের পর সংগঠনটির বিরুদ্ধে হওয়া মামলাগুলোর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন ইমরান।
এসব মামলাগুলো দ্রুত বিচার ট্রাইবুনালে নিয়ে এসে জরুরিভাবে নিষ্পত্তির দাবি জানান তিনি।
