২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষোভ নিয়ে বিদায় নিলেন চসিকের প্রধান প্রকৌশলী

এক দশক ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনকারী মোখতার আলম নির্বাহী প্রকৌশলী হিসেবেই অবসরে গেলেন। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:35 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার চসিক মিলনায়তনে মোখতারকে বিদায় সংবর্ধনা দেন কর্মকর্তা-কর্মচারীরা। বিদায় নিয়ে পদোন্নতি না পাওয়ার ক্ষোভের প্রকাশও ঘটান তিনি। 

নিয়মানুযায়ী আগামী ৩১ মে পর্যন্ত তার চাকরির শেষ সময়। মাসের শেষ দুই দিন শুক্র ও শনিবার হওয়ায় বৃহস্পতিবার তার শেষ কর্মদিবস।

চসিক কর্মকর্তারা জানান, ১৯৮০ সালে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন মোখতার আলম। ১৯৮৮ সালে তিনি নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান।

এরপর ২০০৪ সালে তাকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব এবং সেখান থেকে প্রধান প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়। তারপর থেকে প্রধান প্রকৌশলীর দায়িত্বই পালন করছিলেন তিনি।

চসিক মিলনায়তনে বিদায় সংবর্ধনায় পদোন্নতি না পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে মোখতার বলেন,একটি প্রতিষ্ঠান ভালো করে চলতে হলে তার কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো পদোন্নতি দরকার। এটা যে কোনো প্রতিষ্ঠান পরিচালনাকারীদের বুঝতে হবে।

সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র এম মনজুর আলমের সময়ে বিভিন্ন কর্মকর্তার পদোন্নতি হলেও নানা ধরনের আইনি  জটিলতায় পদোন্নতি হয়নি তার।

জরুরি অবস্থার সময় তৎকালীন মেয়র মহিউদ্দিনের সঙ্গে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির মামলায় মোখতারও গ্রেপ্তার হয়েছিলেন। পরে আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে ছাড়া পান তিনি।

এছাড়া দুইবার তাকে পদ থেকে সরিয়ে দেয়া হলেও আদালতের নির্দেশে তাকে স্বপদে বহাল করা হয়।