পটুয়াখালী সওজের ‘দুর্নীতি’ তদন্তের নির্দেশ
পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের বিরুদ্ধে পুরনো মালামাল নিলামে বিক্রিতে জালিয়াতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে ওই নিলাম প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে আদালত।
বিচারপতি কাজী রেজাউল হক ও এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ মঙ্গলবার জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গত ৮ মে পটুয়াখালীর সওজ কর্তৃপক্ষের বিরুদ্ধে নিলামে জাল-জালিয়াতির মাধ্যমে সরকারি সম্পদ আত্মসাৎ করার বিষয়ে সংবাদ প্রকাশ করে।
এর পরিপ্রেক্ষিতে জনস্বার্থে রিট আবেদন করেন বেসরকারি টেলিভিশন নিউজ ৯ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি রাজিব বসু।
বিবাদীরা হলেন যোগাযোগ মন্ত্রণালয় সচিব, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী, বরিশাল সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পটুয়াখালীর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং পটুয়াখালী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী।
আদেশে যোগাযোগ মন্ত্রণালয় সচিব, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী এবং বরিশাল সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ১৬ জুনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
এছাড়া ওই নিলাম প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা তিন সপ্তাহের মধ্যে জানাতে বিবাদীদের আদেশ দিয়েছে আদালত।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এমডি শামসুল হক খান, ব্যারিস্টার এম ডি নাজমুল হক এবং অ্যাডভোকেট জেসমিন নাহার।
আবেদনকারীর আইনজীবীরা শুনানিতে আদালতকে জানান, পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের বেইলি ব্রিজের ইস্পাত ও লোহার কোটি কোটি টাকার মালামাল মাত্র সাড়ে পাঁচ লাখ টাকায় অস্তিত্বহীন তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে নিলামে বিক্রি করা হয়।
এ তিনটি প্রতিষ্ঠান হলো মেসার্স গাজী ট্রেডিং কর্পোরেশন, মেসার্স কর্ণফুলী ইঞ্জিনিয়ারিং ও মেসার্স নাজমা এন্টারপ্রাইজ। বাস্তবে এসব প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই বলে দাবি করা হয়।
এছাড়া, নিলাম প্রক্রিয়ায় যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রিট আবেদনে অভিযোগ করা হয়।
