অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সওজের সম্পদ `আত্মসাত'
অস্তিত্বহীন তিন প্রতিষ্ঠানের নামে পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিলাম কার্যাদেশ দেয়ার তথ্য পাওয়া গেছে।
খুলনা নগরীর এ তিন ঠিকাদারি প্রতিষ্ঠান হলো মের্সাস গাজী ট্রেডিং কর্পোরেশন, মেসার্স কর্ণফুলী ইঞ্জিনিয়ারিং ও মেসার্স নাজমা এন্টারপ্রাইজ।
তিন প্রতিষ্ঠানেরই ঠিকানা দেখানো হয়েছে খুলনা মহানগরীর ৩৪ শেখপাড়া, মেইন রোড, সরেজমিনে গিয়ে যেগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
পটুয়াখালী সড়ক ও জনপদ (সওজ) দপ্তর থেকে পাওয়া নথি থেকে জানা যায়, এ অর্থবছরে ব্যবহার অনুপযোগী ৬০ টন স্টিল ও লোহার মালামাল নিলামে বিক্রির জন্য ১১টি গ্রুপে ভাগ করে দরপত্র আহ্বান করে পটুয়াখালী সড়ক ও জনপদ দপ্তর।
এ দরপত্রের প্রথম গ্রুপটি ছাড়া অন্যগুলোয় অংশ নেয় ওই তিন প্রতিষ্ঠান।
নথিতে দেখা যায়, সোনালী ব্যাংকের নিউটাউন শাখায় ২ লাখ ১৪ হাজার ৫৮৯ টাকা জমা দেখিয়ে ১১ মার্চ নাজমা এন্টারপ্রাইজকে, ১ লাখ ৫৯ হাজার ৩১৫ টাকা জমা দেখিয়ে গাজী ট্রেডিংকে এবং ১ লাখ ৫৯ হাজার ৯৫৯ টাকা জমা দেখিয়ে কর্ণফুলী ইঞ্জিনিয়ারিংকে কার্যাদেশ দেয়া হয়।
এসব কার্যাদেশে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
প্রকৌশলী জহিরুল জানান, ওই নিলামের মালামাল বুঝিয়ে দিতে তার দপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডি) মো. ফরিদ উদ্দিনকে প্রধান করে উপ-সহকারী প্রকৌশলী মো. হাসান আল মামুনসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে কাজ দেয়া সম্পর্কে তিনি বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান অস্তিত্বহীন কি না তা আমার দেখার বিষয় নয়। আমি সর্বোচ্চ দরদাতা যাকে পেয়েছি তাকেই কার্যাদেশ দিয়েছি।”
এ ব্যাপারে আরো তথ্য চাওয়া হলে উপরের নির্দেশ আছে বলে তিনি কোনো তথ্য দিতে পারবেন না বলে জানান।
এ ব্যাপারে বরিশাল অঞ্চলের সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ইমদাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি তার জানা নেই, এখনই শুনেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে এ ব্যাপারে আলাপ করে দেখবেন।
পটুয়াখালী সওজ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উন্নয়নমূলক কাজ করতে গেলে কর্মকর্তা-কর্মচারীদের কিছু ক্রটি বিচ্যুতি হয়ে থাকে।
“আপনারা সাংবাদিক, আমরা আপনাদের মেহমান, নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উন্নয়নের জন্য সহযোগিতা করবেন,” বলেন তিনি।
সরেজমিনে তিন প্রতিষ্ঠানের খোঁজে
ওই তিন প্রতিষ্ঠানের ঠিকানায় গিয়ে দেখা যায়, সেখানে রয়েছে ৬ তলা একটি ভবন। ভবনটি মালিক ডা. বজলুল হক। ওই বাড়ির প্রহরী খুলনার ডুমুরিয়ার সাহশ এলাকার শেখ ফজর আলী।
ফজর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই ঠিকানায় ৬ তলা ভবনে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নেই। বাড়ির তৃতীয় তলায় থাকেন মালিক ডা. বজলুল হক ও তার স্ত্রী। দ্বিতীয় তলায় রয়েছে ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা।
ষষ্ঠ তলায় তালাবদ্ধ ফ্ল্যাটে রয়েছে ট্রেনিং স্কুলের স্টোর রুম। আর নিচ তলায় রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা, একটি প্লাস্টিক ফার্নিচারের শো রুম ও একটি মুরগির ফার্ম।
এ ছাড়া আর কোনো প্রতিষ্ঠান বা ভাড়াটিয়া নেই ওই ভবনে, বলেন প্রহরী ফজর আলী।
খুলনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. অলিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপনি যে তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম বললেন তার একটি প্রতিষ্ঠানও আমার এ দপ্তরের কোনো টেন্ডারে অংশ নেয়নি কখনো।”
এ ব্যাপারে খুলনা সিটি কর্পোরেশনের সিনিয়র লাইসেসন্স অফিসার মো. মোজাম্মেল হোসেন মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা প্রতিনিধিকে জানান, খুলনা মহানগরীর ৩৪ শেখপাড়া মেইন রোডের ঠিকানায় মের্সাস গাজী ট্রেডিং কর্পোরেশন, মেসার্স কর্ণফুলী ইঞ্জিনিয়ারিং ও মেসার্স নাজমা এন্টারপ্রাইজ নামে কোনো ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশনের লাইসেসন্স শাখায় নেই।
