বাংলাদেশের আতিথেয়তায় ‘মুগ্ধ’ প্রণব
ভারতের রাষ্ট্রপতির প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন সফররত জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার শিরীন শারমিন রাষ্ট্রপতি ভবনে প্রণবের সঙ্গে সাক্ষাতের জন্য যান বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এসময় রাষ্ট্রপতি স্পিকারকে বলেন, বাংলাদেশ সফরকালে সরকার ও জনগণের আতিথেয়তা তাকে ‘মুগ্ধ’ করেছে।
গত বছরের ৩ মার্চ তিনদিনের সফরে বাংলাদেশ আসেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
সাক্ষাতে স্পিকার ভারতের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
তিনি বলেন, “ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা পালনসহ বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করে আসছে। দু’দেশের মধ্যে বিদ্যমান আর্থ-সামাজিক সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরো বেশী উপকৃত হব।”
ভারতের রাষ্ট্রপতি স্পিকারকে স্বাগত জানিয়ে বলেন, “ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফর করলেও পূর্বেও বাংলাদেশ সফর করার সৌভাগ্য হয়েছে। সফরকালে বাংলাদেশের সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তা মুগ্ধ করেছে।”
সার্কের প্রসঙ্গ উল্লেখ করে প্রণব বলেন, সার্কের মাধ্যমে উন্নয়ন সম্ভাবনা পুরোপুরি উন্মোচন করতে পারলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে। সার্ক এখন পশ্চিম এশিয়া ও পূর্ব এশিয়ার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার তারেক এ করিম এ সময় উপস্থিত ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে রোববার ভারত যান শিরীন শারমিন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান থাকায় শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।
মঙ্গলবার ভারতের নতুন প্রধানমন্ত্রী মোদির সঙ্গেও বৈঠক করেছেন স্পিকার।
