দৌলতদিয়ায় ফেরি পারাপার নির্বিঘ্ন করার উদ্যোগ
দৌলতদিয়া ফেরীঘাটের বিভিন্ন সমস্যা সমাধানে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ও পরিবহন নেতারা।
মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সঙ্গে খুলনা বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা তাদের ১১ দফা দাবি নিয়ে আলোচনায় বসে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, ঘাটের সব সমস্যা সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ফেরিতে নির্বিঘ্নে যানবাহন পারাপারের জন্য স্থানীয় ভাবে একটি নীতিমালা তৈরিও করা হবে।
এছাড়া আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে যাত্রী এবং যানবাহন পারাপারে ফেরিঘাটে কাউকে দুর্ভোগ না পোহাতে হয় তাও আলোচনা হয়েছে।
পরিবহন নেতাদের ১১ দফার মধ্যে রয়েছে দৌলতদিয়া ফেরীঘাটে যানজট নিরসন,যাত্রী ও শ্রমিকদের নিরাপত্তা, চাঁদাবাজি বন্ধ, পুলিশের হয়রানি বন্ধ ও অন্যান্য।
রাজবাড়ীর জেলা প্রশাসক হাসানুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠকে পুলিশ সুপার রেজাউল হক, রাজবাড়ী চেম্বার্স অব কমার্স এর সভাপতি কাজী এরাদত আলী, গোয়ালন্দ পৌর সভার মেয়র নিজামউদ্দিন, বিআইডাবলিউটিসির ডিজিএম শাহাদত আলী, দৌলতদিয়া ফেরীঘাট ম্যানেজার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিবহন নেতাদের মধ্যে ছিলেন রাজবাড়ী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আকতারুজ্জামান হাসান, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু ও বাংলাদেশ বাস ট্রাকওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি পবিত্র কাপুড়িয়াসহ অন্যরা।
