র্যাবের সিদ্ধান্ত ‘কৌশলগত’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘কৌশলগত’ কারণে সুনির্দিষ্ট কাজের বাইরে ‘বাড়তি’ কর্মকাণ্ডে র্যাব অংশ নিচ্ছে না।
সাতটি কাজের বাইরে নিয়মিত টহল এবং চেকপোস্ট বসিয়ে তল্লাশি আর করবে না বলে র্যাবের পক্ষ থেকে জানানোর পর মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
নারায়ণগঞ্জে সাত খুনে কর্মকর্তাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠায় এই বাহিনী বিলুপ্তির দাবির প্রেক্ষাপটে সোমবার র্যাবের মুখপাত্র এটিএম হাবিবুর রহমান জানান, সুনির্দিষ্ট কাজের বাইরে বাড়তি কোনো কাজ তারা করবেন না।
পুলিশের অধীন বিশেষ এই বাহিনীর আকস্মিক এই সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, “এটা র্যাবের কৌশলগত সিদ্ধান্ত।”
র্যাব মুখপাত্র বলেছিলেন, চেকপোস্ট বসিয়ে তল্লাশি, ট্রাফিক নিয়ন্ত্রণ, টেন্ডারবাক্স পাহারা, জমিজমা ও টাকা লেনদেন সংক্রান্ত সমস্যা ও পারিবারিক বিরোধ নিয়ে তারা কোনো ধরনের কর্মকাণ্ড চালাবে না।
র্যাবের টহল ও চেকপোস্ট বসিয়ে তল্লাশি বন্ধ করতে সরকারই বলেছে কি না- এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। “যখনি প্রয়োজন হবে তখনি র্যাব থাকবে,” বলেন তিনি।
আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)
র্যাবের মুখপাত্র হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “কয়েকদিন আগে ডিজি মহোদয় র্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে জানিয়ে দিয়েছেন, সুনির্দিষ্ট সাতটি মৌলিক কাজের বাইরে র্যাবকে বাড়তি কোনো কাজে অংশ নিতে হবে না।”
র্যাবের সুনির্দিষ্ট সাতটি কাজ হলো- অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত, সশস্ত্র জঙ্গি ও সন্ত্রাসীদের আটক করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্যসহ সব ধরনের অবৈধ দ্রব্য উদ্ধার করা, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, সরকারি নির্দেশে যে কোনো অপরাধের তদন্ত করা এবং যে কোনো ধরনের দায়িত্ব পালন।
আইনগতভাবে সংশ্লিষ্ট ইউনিট নিজ নিজ দায়িত্ব পালন করবে, সচিবালয়ে সাংবাদিকদের বলেন পুলিশ প্রধান হাসান মাহমুদ খন্দকার।
রমজান মাসে যেন ছিনতাই, রাহাজানি ও গোলযোগের সৃষ্টি হতে না পারে, সেজন্য প্রত্যেক মার্কেটে সিসি ক্যামেরা বসানো হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ সাশ্রয়ে রমজান মাসে আলোকসজ্জা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান তিনি।
রজমান মাসে বাস-ট্রাকে পরিবহন বেড়ে যায় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মহাসড়কে ভটভটি, নসিমন, করিমন কঠোরভাবে দমনের চেষ্টা করা হবে। তবে এগুলো ছোট সড়কে চলতে পারবে।”
খাবারে ভেজালরোধে রমজানে বাণিজ্য মন্ত্রণালয়ের আলাদা দল কাজ করবে বলেও জানান প্রতিমন্ত্রী। সেই সঙ্গে পণ্যমূল্য নিয়ন্ত্রণে সজাগ থাকবেন বলেও জানান তিনি।
