২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় জমি নিয়ে বিরোধে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2014, 01:54 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল চৌধুরী জানান, সোমবার রাতে উপজেলার আদর্শ-আন্দুলিয়া গ্রামের মশিউর রহমানকে (৫০) কুপিয়ে আহত করা হয়। মঙ্গলবার ভোরে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

মশিউর ওই গ্রামের মৃত এসএম মজিবর রহমান বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবারকে উদ্ধৃত করে ওসি এরশাদুল চৌধুরী আরো জানান, প্রতিবেশী লিটন বিশ্বাস, মনিরুল বিশ্বাস ও এমদাদুল বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল মশিউরের।

সোমবার রাত ৮টার দিকে মশিউর বাড়ির বৈঠকখানায় বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষরা তার ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে বলে ওসি জানান।

প্রথমে মশিউরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হলে সেখানে ভোরে তিনি মারা যান। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।