রামুতে ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনকে অপহরণ
কক্সবাজারের রামু উপজেলায় কৃষি ব্যাংকের এক কর্মকর্তাসহ তিনজন অপহৃত হয়েছেন।
রামু থানার ওসি সাইকুল আহমদ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঈদগড় বাইশারী সড়কের ব্যাঙ ডেবা এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অপহৃতরা হলেন, বাইশারী কৃষি ব্যাংকের হিসাব রক্ষক জিতেন্দ্র কুমার ও ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। অপহৃত অন্যজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
একটি অটোরিকশায় করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে রামু আসার পথে এই তিনজনকে অপহরণ করা হয়।
পুলিশ কর্মকর্তা সাইকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের একটি পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে তথ্য পাওয়ার পর ওই পাহাড়ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ।”
অভিযানে বিজিবি সদস্যরা যোগ দিয়েছে বলে ওসি জানান।
রাঙামাটিতে ভাইসহ গ্রাম প্রধান অপহৃত
লংগদু উপজেলায় এক গ্রাম প্রধান ও তার ভাইকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাঙামাটি প্রতিনিধি জানিয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুর্গম আঠারকছড়া ইউনিয়নের উল্টাছড়ির গ্রামে বাড়ি থেকে তাদের তুলে নেয়া হয় বলে জানান লংগদু থানার ওসি মো. আবুল কালাম চৌধুরী।
অপহৃতরা হলেন, উল্টাছড়ি গ্রাম প্রধান (কারবারি) প্রিয় চাকমা ও তার বড় ভাই সুষময় চাকমা।
এদিকে অপহৃতরা সন্তু লারমা নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থক বলে দাবি করেছেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সহ-সম্পাদক সজীব চাকমা।
এ অপহরণের জন্য রাজনৈতিক প্রতিপক্ষ সংগঠন জনসংহতি সমিতি (এমএন লারমা)কে দায়ী করেছেন তিনি।
তবে জনসংহতি সমিতির অন্য অংশের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কেউ কোনোভাবেই এতে জড়িত নয়।”
স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ১০/১২ জনের একটি দল উল্টাছড়ি গ্রামে প্রিয় চাকমার বাড়িতে হানা দিয়ে তার বড় ভাই সুষময় চাকমাসহ তাকে তুলে নিয়ে যায়।
ওসি মো. আবুল কালাম চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে সেটি দুর্গম এলাকায় হওয়াতে তাদের পৌঁছতে দেরি হচ্ছে।
