সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা নিহত
সাতক্ষীরার তালা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় সামরিক কমান্ডার আবদুল গফফার পাড় ওরফে তুষার নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে উপজেলার টেংরার মাঠে এই ‘বন্দুকযুদ্ধে’ দুই কনস্টেবল আহত হন বলে পুলিশ জানিয়েছে।
নিহত গফফারের (৪৫) বিরুদ্ধে খুলনার আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম এবং অ্যাডভোকেট বিজন বিহারীসহ ১১টি হত্যামামলা রয়েছে।
‘বন্দুকযুদ্ধে’ গুলিবদ্ধ হয়ে ধরা পড়েছেন গফফারের সহযোগী সাইফুল ইসলাম (৩৬)। তার বিরুদ্ধে সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক আলাউদ্দিন হত্যাসহ কয়েকটি মামলা রয়েছে।
তালা থানার ওসি শেখ আবুবক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাগুরা ইউনিয়নের টেংরার মাঠে চরমপন্থিদের বৈঠকের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।
“এসময় চরমপন্থিরা গুলি ছুড়তে থাকলে পুলিশও পাল্টা গুলি চালায়। ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর চরমপন্থিরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় গফফার ও সাইফুলকে পাওয়া যায়।”
দুজনকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক গফফারকে মৃত ঘোষণা করেন। সাইফুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে এনে পুলিশ পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
চরমপন্থিদের গুলিতে পুলিশের দুই সদস্য মহিদুল ইসলাম ও হাফিজুর রহমান আহত হন বলে ওসি জানান। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ কর্মকর্তা আবুবক্কর বলেন, “গফফার ও সাইফুল সম্প্রতি জামিনে কারাগার থেকে বেরিয়ে চরমপন্থিদের সংগঠিত করছিল। তারা বিভিন্ন লোকের কাছে মোবাইল ফোনে চাঁদা আদায়ের জন্য হুমকিও দিচ্ছিল।”
গফফারের বাড়ি তালার ডাঙ্গানলতা গ্রামে। সাইফুল সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের বাসিন্দা।
