হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছালো
অর্থপাচার মামলায় বিএনপি নেতা ও সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী মাফরুজা সুলতানার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন পিছিয়েছে।
সোমবার অভিযোগ গঠনের শুনানির দিন থাকলেও আসামীদের পক্ষে সময়ের আবেদন করা হলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় ১০ জুন পুণরায় শুনানির তারিখ রাখেন।
এ আদালতের পেশকার আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার নিয়ে প্রায় ১৫ বার এ মামলার অভিযোগ গঠন পিছিয়ে গেল।”
তিনি বলেন, “এ মামলার বিষয়ে এর আগে হাই কোর্ট দুনীর্তি দমন কমিশনকে (দুদক) ‘অপর দুইজন অভিযোগপত্রের সাক্ষীকে কেন আসামী করা হবে না’- সে বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
“এ দুই ব্যক্তি হলেন সিমেন্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধি জুলফিকার আলী ও রহিমা খাতুন।”
তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এর আগে ৩০ এপ্রিল হাই কোর্টের এ আদেশের কপি দুদকে পাঠিয়ে দেন।
এই প্রেক্ষিতে সময়ের আবেদনে হাফিজ ও তার স্ত্রীর আইনজীবী জাহিদুল ইসলাম কোয়েল ও মাসুদ আহমেদ তালুকদার আদালতের কাছে দুদকের ওই তদন্ত প্রতিবেদন আদালতে না আসা পর্যন্ত অভিযোগ গঠন মূলতবির আবেদন করেন।
হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রী মাফরুজা সুলতানা জামিনে রয়েছেন।
২০১১ সালের ১৬ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
২০১২ সালের ১৩ জুন এ মামলায় হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীমের দেয়া অভিযোগপত্রে হাফিজ দম্পতির বিরুদ্ধে বিটিটিবির টেলিটক প্রকল্পের আওতায় অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে সিমেন্স বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ১ কোটি ৭৫ লাখ টাকা নিয়ে তা পাচারের অভিযোগ আনা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষী ৮ জন।
কাজ পাইয়ে দেয়ার জন্য সিমেন্সের পরামর্শক জুলফিকার আলীর মাধ্যমে সিঙ্গাপুরে হাফিজ ইব্রাহীম ও তার স্ত্রীর অ্যাকাউন্টে ১ লাখ ৭০ হাজার ডলার জমা নেয়া হয়। পরে তারা ওই টাকা সরিয়ে নেন।
হাফিজ ইব্রাহিম ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে (বোরহান উদ্দিন-দৌলতখান) বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হন। হাফিজ ইব্রাহিম তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বড় ভাই।
