চট্টগ্রামে গৃহবধূ সঞ্চিতা হত্যাকাণ্ডের বিচারদাবিতে মানববন্ধন
নিরবে শুধু চোখের জল ফেলে মেয়ে ‘হত্যা’র বিচার চাইলেন নিহত গৃহবধূ সঞ্চিতা চৌধুরীর বাবা-মা।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধনে সঞ্চিতার মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে এর বিচার দাবি করা হয়।
মানববন্ধনে সঞ্চিতার সহপাঠী, আত্মীয়-স্বজন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে মেয়ের ‘হত্যা’র বিচারের দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছিলেন সঞ্চিতার মা রূপনা সেন ও বাবা বিমল সেন। এসময় রূপনার দুচোখে ছিল শুধুই কান্না।
উপস্থিত সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, কি বলব বাবা। আমার মেয়ে তো ফেরত পাব না। আমি বিচার চাই।
গত ১৩ মে নগরীর গোসাইলডাঙ্গা এলাকায় শ্বশুর বাড়িতে মারা যান গৃহবধু সঞ্চিতা (২৩)। তার একটি চার মাস বয়সী ছেলে সন্তান আছে।
সঞ্চিতার ভগ্নিপতি ডালিম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার দিন বিকাল পৌনে তিনটায় সঞ্চিতার স্বামী রিগ্যান টেলিফোনে জানায় সঞ্চিতা স্ট্রোক করেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি সঞ্চিতার লাশ ফেলে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে।
ডালিম বলেন, সুরতহালে সঞ্চিতার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্নের উল্লেখ আছে।
এ ঘটনায় সঞ্চিতার বাবা বিমল সেন বাদি হয়ে বন্দর থানায় সঞ্চিতার স্বামী রিগ্যান চৌধুরী, রিগ্যানের দুই ভাই বিধান চৌধুরী ও রাজীব চৌধুরী, রিগ্যানের বাবা কৃষ্ণপদ চৌধুরী ও মা দিপ্তী চৌধুরীকে আসামি করে মামলা করেন।
ডালিম জানান, এ ঘটনার পর থেকে রিগ্যানের পরিবারের লোকজন পলাতক। সঞ্চিতার চার মাস বয়সী ছেলেকেও তারা নিয়ে গেছে।
