জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঢাকা-আরিচা মহাসড়কে যানজট
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর ও শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অবরোধে অন্তত চারটি বাস ভাঙচুর করে।
এসময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রক্টর তপন কুমার সাহা সাংবাদিকদের বলেন, “বিকেল থেকে ভাঙচুর এবং অবরোধ চলছে। মালিক পক্ষের লোকজন নিঃশর্ত ক্ষমা চাইলে অবরোধ প্রত্যাহার হবে বলে শিক্ষার্থীরা আমাকে জানিয়েছেন।”
এর আগে বিকাল ৪টার দিকে শিক্ষার্থীদের বহনকারী একটি বাস গাবতলী পৌঁছলে ভিলেজ পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে।
এঘটনাকে কেন্দ্র করে পরিবহনের শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর ও ছাত্রদের মারধর করেছে এমন খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
