২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘট

নিরাপত্তার দাবিতে চুয়াডাঙ্গার ফিলিং স্টেশন মালিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 02:01 PM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরুর পর জেলার ১৮টি পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। জ্বালানি তেল বিক্রি বন্ধ থাকায় বিপাকে পড়েছে পরিবহন মালিক ও শ্রমিকরা।

জ্বালানি তেল ট্র্যাঙ্ক লরি অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা সাধারণ সম্পাদক হাবিব সোহেল জোয়ার্দ্দার বলেন, ফিলিং স্টেশনগুলোতে একের পর এক ডাকাতি হওয়ার পরও পুলিশ প্রশাসন জ্বালানি তেল ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা দিতে না পারায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে জীবননগর ফিলিং স্টেশনে ডাকাতি হয়। ১০/১২ জন ডাকাত বোমা ফাটিয়ে ও ফিলিং স্টেশনের নৈশ প্রহরীকে বেঁধে রেখে আড়াই লাখ টাকা নিয়ে যায়।

এর আগেও কার্পাসডাঙ্গা ফিলিং স্টেশন, বদরগঞ্জের হাইওয়ে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনা ঘটে বলে জানান তিনি।

ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তায় পুলিশ যথাযথ ব্যবস্থা না নেয়ায় একের পর এক ডাকাতি হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মো. রশীদুল হাসান বলেন, জীবননগর ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ওইদিন ঘটনাস্থলের কাছাকাছি দায়িত্বরত থাকা পাঁচ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।