২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে যুবলীগকর্মীকে জবাই

দুই আওয়ামী লীগ কর্মীকে খুনের এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীপুরে যুবলীগের এক কর্মীকে গলা কেটে হত্যা করা হয়েছে। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 11:07 AM

Updated : 22 Aug 2022, 06:21 PM

সোমবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মদনপুর গ্রামে রোমান হোসেনের (২৪)  লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা রোমানকে ওই গ্রামের আব্দুল মান্নানের ঘর থেকে রোববার রাতে অস্ত্রের মুখে রোমানকে তুলে নিয়ে গিয়েছিল বলে গ্রামবাসী পুলিশকে জানিয়েছে।

সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের রাস্তার পাশে রোমানের গলাকাটা লাশ পাওয়া যায় বলে দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোমান চাঁদাবাজি করতো, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।”

রোমান বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তবে রোববার রাতে তিনি পাশের গ্রামে ছিলেন এবং সেখানেই হত্যাকাণ্ডের শিকার হন।   

রোমান বশিকপুর ইউনিয়ন যুবলীগের কর্মী বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মাহবুবুল হক মাহবুব।

লক্ষ্মীপুরে গত এক মাসে কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে। গত ২২ মে সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভূইয়া এবং রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ খুন হন।

তার দুদিন আগে সদর উপজেলার হাজিরপাড়ায় ছাত্রলীগের এক নেতা ও যুবদলের এক কর্মী খুন হয়েছিলেন। এই মাসে তার আগে খুন হন যুবলীগের এক নেতা ও যুবদলের এক কর্মী।

পুরনো খবর:

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতা খুন