২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই নেতা খুন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের এক নেতা ও যুবদলের এক কর্মী খুন হওয়ার দুই দিনের মধ্যে আওয়ামী লীগের দুই নেতার রক্তাক্ত লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষ্মীপুরে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2014, 09:57 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

নিহতরা হলেন- সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ভূইয়া (৫০) এবং রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আবদুল মজিদ(৫০)।

বৃহস্পতিবার প্রথম প্রহরে চরশাহীর রামপুর গ্রাম থেকে মান্নানের গলাকাটা লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মজিদের লাশ পাওয়া যায় রায়পুরের চরপাতা ইউনিয়নে।

বুধবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা মান্নানকে বাড়ি থেকে ডেকে নিয়েছিল। রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে তার গলাকাটা লাশ দেখতে পায়।

দাসের হাট পুলিশ ফাঁড়ির এসআই মো. কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টহলরত অবস্থায় স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার মাহমুদ ফোন করে জানান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মন্নান ভূঁইয়াকে কে বা কারা হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের গলায় তিনটি কাটা দাগ রয়েছে।

ভোরেই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

নিহতের স্ত্রী আঞ্জুমান আরা বেগম বলেন, “পারিবারিক কোন শত্রুতা ছিলনা আমার স্বামীর। তিনি সকল রাজনৈতিক দলে লোকজনের সঙ্গে সুসম্পর্ক রেখে চলতেন।”

মেয়ে তাহমিনা আক্তার বলেন, “আমার বাবাকে যারা মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যা করেছে তাদের মোবাইল নম্বর চেক করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এলাকাবাসী সির্জা উদ্দিন ও রাসেল বলেন, “আব্দুল মান্নান অন্যায়ের প্রতিবাদ করায় তাকে দুস্কৃতিকারীরা হত্যা করেছে।”

এদিকে রায়পুর থানার এসআই মো. আবুল বাশার জানান, ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মজিদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

নিহতের ফুফাতো ভাই জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান অভিযোগ করেন, শ্বাসরোধে পরিকল্পিতভাবে মজিদকে হত্যা করা হয়েছে ।

এসআই বাশার জানান, মজিদের মুখে রক্ত আছে, তবে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

দুদিন আগেই লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ায় ছাত্রলীগের এক নেতা ও যুবদলের এক কর্মী খুন হয়েছিলেন। এই মাসে লক্ষ্মীপুরে খুন হন যুবলীগের এক নেতা ও যুবদলের এক কর্মী।

এছাড়া ঢাকার উত্তরার যুবদলের এক নেতার লাশ সম্প্রতি লক্ষ্মীপুরে পাওয়া যায়।