রাজশাহীতে শিবিরের হামলায় তিন পুলিশ আহত
রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে ওই সংগঠনের নেতাকর্মীদের হামলার মুখে পড়েছে পুলিশ। এতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাংলাদেশ বিজ্ঞান গবেষণা মাঠে এ সংঘর্ষে শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে পাঁচটি হাতবোমা ছোড়ে বলে মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানিয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- মতিহার থানার উপপরিদর্শক মাসুদ রানা, কনস্টেবল রাকিব ও শাহিনুর।
শিবিরকর্মীদের মধ্যে আফজাল হোসেন ফয়সাল নামে একজন গুরুতর আহত হয়েছেন। তিনি শিবিরের বিশ্ববিদ্যালয় কমিটির ক্রীড়া সম্পাদক।
তবে শিবিরের পক্ষ থেকে আরো ছয়কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবি করা হয়েছে।
ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে শিবির নেতা আফজালকে গ্রেপ্তার করতে মতিহার থানার ধরমপুর এলাকায় বিজ্ঞান মাঠের পাশে তার বাসায় যায় পুলিশ।
“এসময় সেখানে ওৎ পেতে থাকা শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়।”
শিবিরকর্মীদের হাতবোমায় উপপরিদর্শক মাসুদ, কনস্টেবল রাকিব ও শাহিনুর আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদুনে গ্যাসের শেল ছুড়লে শিবিরকর্মীরা ফের ইট পাটকেল ও দেশীয় অস্ত্রসহ হামলা শুরু করে।
প্রায় ২০ মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হলে পুলিশ আহত অবস্থায় আফজালকে আটক করে। এসময় তার কাছে থেকে পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়।
তিনি জানান, আফজালকে গ্রেপ্তারের পাশাপাশি শহিদুজ্জামান বাবু নামে স্থানীয় শিবিরের এক ‘ক্যাডারকে’ আটক করা হয়েছে।
