২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফরমালিনমুক্ত’ বাজারে সব মাছেই ফরমালিন

রাজধানীর মোহাম্মদপুরের ফরমালিনমুক্ত হিসাবে ঘোষিত ‘মাছ বাজারে’ অভিযান চালানোর পর একটিও ফরমালিন ছাড়া মাছ পায়নি ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 01:04 AM

Updated : 13 Oct 2022, 12:08 PM

আগে অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে পড়ায় রোববার সকালে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের ওই কাঁচা বাজারে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ।  

এর আগে গত বৃহস্পতিবার একই বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেখানকার ব্যবসায়ীরা বাধা দেন। সেদিন ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।     

সকাল ৯টা থেকে শুরু পুলিশি অভিযানে তাই দাঙ্গা পুলিশসহ আর্মার্ড পারসোনাল ক্যারিয়ারের (এপিসি) উপস্থিতি ছিলো।

তবে বাজারের সামনে পুলিশের উপস্থিতি দেখেই ব্যবসায়ীরা পুরো মাছের বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দোকানে সাজিয়ে রাখা মাছ ফেলে পালিয়ে যান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব এবং ঢাকা মহানগর পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের দলটি মাছের বাজারে ঢুকেই অন্ধকারের মধ্যে পড়েন।

এরইমধ্যে মালিক-কর্মচারী ছাড়া দোকানগুলোর প্রতিটি থেকে মাছ নিয়ে পরীক্ষা করে, একটিও ফরমালিনমুক্ত মাছ পাওয়া যায়নি বলে ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ জানিয়েছেন।

গত বছর এই বাজারটিকে ফরমালিনমুক্ত বাজার হিসাবে ঘোষণা দিয়েছিলেন ব্যবসায়ীরা।  

বিভিন্ন দোকানের মাছ পরীক্ষা করে সর্বোচ্চ দশমিক ৬০ মাত্রার ফরমালিন মেশানো মাছও পাওয়া গেছে। 

এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “দশমিক শূণ্য এক মাত্রা পর্যন্ত ফরমালিন গ্রহণযোগ্য। এর ওপরে থাকলেই মানুষের জন্য ক্ষতিকর।”

কেবল ফরমালিন নয়, রাসায়নিক পরীক্ষা করে সুন্দর এবং আকর্ষণীয় করতে মাছের গায়ে ঢেঁড়সের রস এবং কাপড়ের রংও মেশানোর নজির পেয়েছে অভিযান চালানো দলটি। 

আজাদ জানিয়েছেন, ঢেঁড়সের রস সাধারণত ট্যাংরা, বোয়াল এবং আয়েড় মাছে মেশানো হয়েছে। আর কাপড়ের রং মেশানো হয়েছে প্রতিটি বড় মাছের কানে, মুখে, লেজেসহ বিভিন্নস্থানে।

এসব মাছ নাড়াচাড়া করতে গিয়েই ম্যাজিস্ট্রেটসহ সবার হাতে রং এবং ঢেঁড়সের রস লেগে যায়।

প্রায় আড়াইঘন্টা ধরে অভিযান চালিয়ে প্রায় চার মণ মাছ জব্দ করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

মাছের বাজারে অভিযান চলার সময় আশেপাশের মুদির এবং ফলের দোকানগুলো বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

অভিযানে অংশ নেওয়া পুলিশ পরিদর্শক মো. শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পরে জব্দ করা মাছগুলো বাইরে এনে কেরোসিন মিশিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়।”

বেলা প্রায় ১২টার দিকে মাছের বাজার থেকে বেরিয়ে ফলের দোকানগুলোতে অভিযান চালাতে গিয়ে একটি ছাড়া সবকটি বন্ধ পাওয়ায় তা আর সম্ভব হয়নি।

তবে খোলা থাকা কলা এবং লিচুর ওই দোকানটিতেও দোকানদার ছিলেন না। ম্যাজিস্ট্রেট এই দোকানের কিছু লিচু নিয়ে পরীক্ষা করে উচ্চমাত্রার ফরমালিন পান।

পরে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকা দোকান মালিককে স্থানীয় একজন দেখিয়ে দিলে পুলিশ তাকে ধরে ফেলে।

ওই দোকান মালিকের বড় বড় দুই ঝুড়ি লিচু জব্দ করে সবার সামনেই রাস্তায় ফেলে পা দিয়ে মাড়িয়ে তা ধ্বংস করে দেয়া হয়।

পরে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে দোকান মালিক ফরমালিন মেশানোর কথা অস্বীকার করেছেন।

অভিযান শেষ করে চলে যাওয়ার সময় পুলিশ পরিদর্শক শফিক বলেন, “যারা ফরমালিন মিশিয়ে ব্যবসা করেন তাদের কয়েকজনের নাম স্থানীয় থানায় দিয়ে তাদের গ্রেপ্তার করার জন্য অনুরোধ করা হয়েছে।

“একই সাথে গত বৃহস্পতিবার পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরও গ্রেপ্তার করতে বলা হয়েছে।”

দুপুর প্রায় দেড়টার দিকে ম্যাজিস্ট্রেট এবং দাঙ্গা পুলিশ সদস্যরা চলে যাওয়ার পরপরই মাছের বাজারে বিদ্যুৎ চলে আসে।

এসময় মুদির ও ফলের দোকানগুলোও পুনরায় খোলে।