চট্টগ্রামে মা-মেয়ে খুন: দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র
চট্টগ্রামের আলোচিত মা-মেয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
রোববার বিকালে আসামি মো. আবু রায়হান ও তার ভাড়াটে সহযোগী মোহাম্মদ শহীদের বিরুদ্ধে জেলা আদালতের নিবন্ধক শাখায় অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডবলমুরিং থানার এসআই মো. মাঈনুদ্দিন।
গত মার্চে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি বাসায় সিঅ্যান্ডএফ এজেন্ট রেজাউল করিমের স্ত্রী রেজিয়া খাতুন (৪৯) ও তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সাইমা আক্তারকে (১৭) কুপিয়ে হত্যা করা হয়।
ঘটনার দুই দিনের মাথায় সাইমার কথিত বন্ধু রায়হান ও তার সহযোগী শহীদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকারও করে এই দুইজন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) রেজাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিবন্ধক শাখায় এই অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। সোমবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে এটি জমা হবে।
এদিকে ঘটনায় সম্পৃক্ততা না মেলায় হত্যা মামলায় নাম থাকা অপর দুই আসামি রাশেদুল ইসলাম ও মো. হাবিবকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ।
নিহত সাইমার বড় ভাই সাঈদ রেজার আহাজারি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির বিবিএ’র ছাত্র আবু রায়হান (২৬) চট্টগ্রাম জেলা পুলিশের কর্মরত হাবিলদার আবুল বাশারের ছেলে। তাদের বাসা নগরীর শান্তিবাগ এলাকায়।
আর শহীদ খুলশী এলাকার একটি রেস্ট হাউজের গাড়ি চালক।
মামলার তদন্ত কর্মকর্তা মাঈনুদ্দিন জানান, প্রেমে প্রত্যাখাত হয়েই রায়হান তার সহযোগী শহিদকে নিয়েই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।
