২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেন ও তার ভাইয়ের বিরুদ্ধে লুটের ‘মামলা’

নারায়ণগঞ্জে সাতখুন মামলার প্রধান আসামি নূর হোসেন, তার ভাই ও কয়েক সহযোগীর বিরুদ্ধে এক বছর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি ও তার দোকান লুটের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 10:31 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

রোববার বিকালে শিমরাইলের কাসসাফ শপিং টাওয়ারের ব্যবসায়ী আকরাম হোসেন সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগটি দায়ের করেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে তা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে বলে থানার ওসি মো. আলাউদ্দিন জানিয়েছেন।

লিখিত অভিযোগে নূর হোসেন ছাড়া তার ভাই নূরউদ্দিন, সহযোগী সামছুল আলম, লোকমান আহাম্মদ, ফজলুল হক, আলী মাহমুদ, নূর হোসেন হীরা, কাইয়ুম, সালাউদ্দিন, মিলন, আবুল কালাম, হুমায়ুন কবির, শহীদুল্লাহসহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যবসায়ী আকরাম অভিযোগে বলেছেন, সিদ্ধিরগঞ্জের শিমরাইলে কাসসাফ শপিং টাওয়ারে ‘ইমেজ’ নামের একটি তৈরি পোশাক ও প্রসাধনীর একটি দোকান ছিল তার। ২০১২ সালের ১৭ ডিসেম্বর নূর হোসেনের সহযোগী ফজলুল হক মোবাইল ফোনে তার কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তিনি বিষয়টি নূর হোসেনের ভাই নুরউদ্দিন, লোকমান আহম্মেদ ও সামসুল আলমকে জানালে তারাও চার লাখ টাকা দিয়ে দেয়ার পরামর্শ দেয়।

ওই ব্যবসায়ী বলেন, তাদের দাবি মতো টাকা দিতে না পারায় ২০১৩ সালের ২৫ মে নূর হোসেন, তার ভাই নুরউদ্দিন, সহযোগী সামছুল আলম, লোকমান আহাম্মদ, ফজলুল হক, আলী মাহমুদ, নূর হোসেন হীরা, কাইয়ুম, সালাউদ্দিন, মিলন, আবুল কালাম, হুমায়ুন কবির, শহীদুল্লাহসহ অজ্ঞাত আরো সাত থেকে আটজন তার দোকানের ১০ লাখ টাকার মালামাল, ৭৫ হাজার টাকা মূল্যের একটি এসি, এক লাখ টাকার কম্পিউটার ও সিসি ক্যামেরা লুট করে নেয়।

লুটকারীরা এসময় দোকানের কর্মচারীদের মারধর করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন বর্তমানে পলাতক রয়েছেন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বরের ওয়ার্ডের কাউন্সিলর।