একরাম খুনের ‘পরিকল্পনাকারী’ জিহাদ গ্রেপ্তার
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার ‘পরিকল্পনাকারী’ জিহাদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদকে রোববার সন্ধ্যায় শহরের বারাহীপুর থেকে গ্রেপ্তার করা হয় বলে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানিয়েছেন।
গত ২০ মে ফেনী শহরে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামকে গুলি চালানোর পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়। র্যাবের হাতে গ্রেপ্তার এ হত্যাকাণ্ডে জড়িত সাতজন জানিয়েছে, আওয়ামী লীগ নেতা জিহাদের পরিকল্পনায় তারা একরামকে খুন করেন।
জিহাদের সঙ্গে ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহিল মাহমুদ শিবলুও এ হত্যার পরিকল্পনায় ছিলেন বলে জানিয়েছেন গ্রেপ্তাররা।
শহরের যে এলাকায় একরামের ওপর হামলা হয়, শিবলু ওই এলাকার কাউন্সিলর এবং জিহাদের বাসাও একই এলাকায়। গত শনিবার ফেনী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন শিবলু।
নিহত একরামুল হক (ফাইল ছবি)
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ফুলগাজীতে একরামের সঙ্গে জিহাদের দ্বন্দ্ব ছিল। আর এক্ষেত্রে নিজামের সমর্থন ছিল জিহাদের দিকে।
কয়েক মাস আগে উপজেলা পরিষদ নির্বাচনের আগে জিহাদকে বহিষ্কার করেছিলেন একরাম, তবে এককভাবে নেয়া তার ওই সিদ্ধান্ত পরে প্রত্যাহার করা হয়।
র্যাবের হাতে গ্রেপ্তারদের মধ্যে নিজাম হাজারীর মামাত ভাই আবিদুল ইসলামও (২২) রয়েছেন। আবিদের মা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
আবিদসহ ঢাকা থেকে গ্রেপ্তার আটজন ও শিবলুকে বিকালে ফেনী বিচারিক হাকিমের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে চায় পুলিশ। বিচারক তাদের প্রত্যেকের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গত মঙ্গল ও বুধবার গ্রেপ্তার চার জনকে সকালে পাঁচ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
আবিদ ছাড়া ঢাকায় র্যাবের হাতে গ্রেপ্তার অন্যরা হলেন- কাজী শানান মাহমুদ (২৩), জাহিদুল ইসলাম সৈকত (২২), চৌধুরী মো. নাফিজ উদ্দিন (২০), শাহজালাল শিপন (২২), মো. জাহিদ হোসেন, সাজ্জাদুল ইসলাম পাটোয়ারি সিফাত (২৩) এবং হেলালউদ্দিন (২৩)।
এদের মধ্যে হেলাল ছাড়া বাকি সবাই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন বলে র্যাব দাবি করছে। জাহিদ হোসেনকে ফেনী থেকে গ্রেপ্তার করা হয়। অন্য সাতজনকে গ্রেপ্তার করা হয় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় হেলালের বাড়ি থেকে। ছয় খুনিকে আশ্রয় দেয়ায় হেলালকে গ্রেপ্তার করা হয়।
পরিকল্পনা জানিয়ে ‘পিস্তল দেন’ জিহাদ
জিহাদ চৌধুরী (ফাইল ছবি)
হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো জিহাদই দিয়েছিল বলে গ্রেপ্তার সাতজন র্যাবকে জানিয়েছে।
ঘটনার দিন একরাম ফেনী শহরের মাস্টার পাড়ার বাসা থেকে তার প্রাইভেটকারে আরো চারজনকে নিয়ে ফুলগাজীর পথে রওনা হয়েছিলেন।
সকাল ১১টার দিকে একাডেমি এলাকায় বিলাসী প্রেক্ষাগৃহের সামনে একটি ইজিবাইক দিয়ে প্রথমে তার গাড়ি আটকে ফেলা হয়েছিল। এরপর গাড়িতে থাকা অন্যদের কুপিয়ে ও পিটিয়ে বের করে আনা হয়।
একরামকে গুলি চালানোর পর ভেতরে আটকে রেখে গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল বলে পুলিশ জানায়। আগুনে একরামের দেহ পুরোপুরি পুড়ে যায়।
গ্রেপ্তার আবিদের দাবি, হত্যাকাণ্ডের আগেরদিন জিহাদ তাকে বলেছিলেন, ‘একরামকে না মেরে ফেললে সে আমাকে মেরে ফেলবে।”
