২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনৈতিক কাজ না করায় গৃহকর্মীকে নির্যাতন’

গৃহকর্মীকে দিয়ে অসামাজিক কাজ করাতে না পেরে নির্যাতন চালানোর অভিযোগে ঢাকায় এক গৃহকর্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মনোজ সাহা

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 06:21 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

গ্রেপ্তার নাসরিন সুলতানা সুমি মিরপুরের একটি বেসরকারি হাসপাতালের নার্স।

নির্যাতনে গুরুতর আহত মুর্শিদা খানমকে (১৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুর্শিদা কাশিয়ানী সদরের দক্ষিণপাড়া গ্রামের হাফিজার রহমানের মেয়ে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে রোববার কাশিয়ানী সদরে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মুর্শিদার বাবা হাফিজার রহমান সাংবাদিকদের জানান, সংসারে অভাব অনটনের কারণে ১৪ মাস আগে মুর্শিদাকে একই গ্রামের ইসমাইল হোসেনের ঢাকার মিরপুরের বড়বাগ এলাকায় বাসায় দেন গৃহকর্মী হিসেবে।

এরপর থেকেই গৃহকর্তার স্ত্রী নাসরিন সুলতানা সুমি তাকে দিয়ে অসামাজিক কাজ করাতে চেষ্টা করেন। কিন্তু মুর্শিদা এ কাজে রাজি না হওয়ায় সুমি তার উপর নির্যাতন করতে থাকেন।

হাসপাতালে মুর্শিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬মে সুমি কয়েকজন যুবককে বাড়ি এনে তাদের মনোরঞ্জন করতে বলেন মুর্শিদাকে। মুর্শিদা রাজি না হলে সুমি আমার হাত ও মুখ বেঁধে প্লায়ার্স দিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে টেনে ছিঁড়ে ফেলেন এবং ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে রক্তাক্ত জখম করেন। এছাড়া গরম খুনতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন ও হাতুড়ি দিয়ে মারধর করেন।

নির্যাতনের এক পর্যায়ে মুর্শিদা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে স্থানীয়দের বিষয়টি জানালে তারা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মুর্শিদা আরো জানান, এ ব্যাপারে ৮মে মিরপুর থানায় একটি মমলা দায়েরের পর মিরপুর থানা পুলিশ নাসরিন সুলতানা সুমিকে গ্রেপ্তার করে।

পরে শুক্রবার মা-বাবা তাকে ঢাকা থেকে এনে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এস আই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আঁতকে ওঠার মতো নির্যাতন করা হয়েছে মুর্শিদার উপর। মামলা দায়েরের পর নির্যাতনকারী নাসরিন সুলতানা সুমিকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত চলছে।

“আশাকরি এ নির্মম ঘটনায় আদালত সুমিকে সাজা দেবে,” বলেন এসআই মিজানুর।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ মন্ডল বলেছেন, মুর্শিদার উপর নির্মম নির্যাতন করা হয়েছে। তিনি এখন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। শরীরের বিভিন্ন স্থানে গরম খুনতির ছ্যাঁকা ও হাতুড়িপেটার চিহ্ন রয়েছে। কিয়েকটি স্পর্শকাতর স্থানের জখমও মারাত্মক। সুস্থ হয়ে উঠতে মুর্শিদার অনেক সময় লাগবে।