বাংলাদেশের সঙ্গে চীন-ভারতের সম্পর্ক ইতিবাচক: মজীনা
বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ককে ‘খুবই ইতিবাচক’ দৃষ্টিভঙ্গিতে দেখেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা।
একইভাবে ভারতের সঙ্গেও ভাল সম্পর্ক রেখে চলা ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।
রোববার রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজে (বিআইআইএসএস) যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব বিষয়ে বক্তব্য রাখেন মজীনা।
সেখানে বাংলাদেশের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান সাংবাদিকরা।
জবাবে মজীনা বলেন, “মানচিত্রের দিকে তাকান (ভারতবেষ্টিত বাংলাদেশ) এবং এটাই ওই প্রশ্নের শেষ।
“বাংলাদেশের জন্য যা ভাল তা-ই বাংলাদেশকে করতে হবে। যেহেতু প্রত্যেকেই সুবিধা পাবে তাই চীনের সঙ্গে অংশীদারিত্ব গভীরতর করা ভাল বিষয়।”
তিনি বলেন, একই সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশে ব্যবসায়ের উন্নয়ন ঘটালে তাতে ‘প্রত্যেকেই জিতবে।”
সামরিক ক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের অংশীদারিত্বকে আগের যেকোনো সময়ের আরো শক্তিশালী, গভীরতর এবং বিস্তৃততর আখ্যা দেন তিনি।
তবে ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।
ওই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি দাবি করে সবে দলের অংশগ্রহণে আলোচনার ভিত্তিতে দ্রুততম সময়ে আবার জাতীয় নির্বাচন করার কথা বলে আসছে।
তবে চীন ও ভারত এই নির্বাচনকে সমর্থন করে হাসিনার সরকারের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এমনকি চীন-বাংলাদেশ সম্পর্ককে ‘নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং।
