২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কের সাপ্তাহিক বাঙালিও বিনা মূল্যে

ইন্টারনেটের বিস্তৃতিতে পাঠক কমে যাওয়ায় প্রকাশনা শুরুর ২৩ বছর পর নিউ ইয়র্কের ‘সাপ্তাহিক বাঙালি’ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2014, 03:23 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

এতদিন পত্রিকাটি ১ ডলারে বিক্রি হত। ৩১ মে থেকে কোনো দামই লাগবে না বলে সাপ্তাহিকটির চলতি সংখ্যায় ঘোষণা দেয়া হয়েছে।

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানা ও সাপ্তাহিক বাংলা পত্রিকা এখনো কিনে পড়তে হবে পাঠকদের। ১১২ পৃষ্ঠার ঠিকানার দাম নিউ ইয়র্কে দেড় ডলার এবং অন্য রাজ্যে দুই ডলার। ৯৬ পৃষ্ঠার সাপ্তাহিক বাংলার দাম ১ ডলার।

বিনামূল্যে বিতরণ করা হচ্ছে সাপ্তাহিক পরিচয়, সাপ্তাহিক দর্পণ, সাপ্তাহিক আজকাল, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক  প্রবাস, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক দেশবাংলা, বাংলা টাইমস, নিউ ইয়র্ক প্রথম আলো এবং সাপ্তাহিক রানার।

বিনামূল্যের পত্রিকাগুলোর প্রধান লক্ষ্য মসজিদ এবং রেস্তোরাঁ। শুক্রবার জুমআর নামাজের পর মুসল্লিরা ৪/৫টি পত্রিকা বিনে খরচে পান।

নিউ ইয়র্ক হতে প্রকাশিত ভারতীয় এবং পাকিস্তানি পত্রিকাগুলোও কয়েক বছর আগে থেকেই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানায়, ইন্টারনেট সংবাদপত্রের পাঠক বৃদ্ধি এবং বাংলাদেশের সবকটি স্যাটেলাইট টিভির অনুষ্ঠান ঘরে বসে দেখতে পাওয়ায় বাংলা সংবাদপত্রের বাজার ধরে রাখা কষ্টকর হয়ে পড়েছে।

এছাড়া অনুসন্ধানী প্রতিবেদন করতে যে ধরনের দক্ষ লোকবল ও সামর্থ্য দরকার, তাও নেই অধিকাংশ সংবাদপত্রের।  পাশাপাশি বিজ্ঞাপনের বাজারও সঙ্কুচিত হয়ে আসছে।

নিউ ইয়র্কের বাইরে বিশেষ করে বিভিন্ন রাজ্যে সংবাদপত্র পাঠালেও খরচ উঠে আসে না বলে সংশ্লিষ্টরা জানায়।

নিউ ইয়র্ক অঞ্চলে বাংলাদেশির সংখ্যা ৩ লাখের বেশি, পুরো যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ১০ লাখের মতো।