২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানসিকতায় কর্তা নয়, সেবক হতে হবে’

দেশের সমস্যা সমাধানে প্রশাসনিক কর্মকর্তা-বিচারক থেকে রাষ্ট্রপতি পর্যন্ত সবাইকে জনগণের সেবকের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 11:07 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার রাজধানীতে একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কেউ যদি মনে করে, আজকে আমরাই সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্ত সবাই মানতে বাধ্য। আমি দুঃখিত, সেই যুগ আর নেই।

“যে সমস্ত সরকারি কর্মকর্তা এখনো এই ধরনের মন-মানসিকতায় ভোগেন, তারা অনুগ্রহ করে চিন্তা করবেন, তারা জনগণের সেবক।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক এই প্রধান বিচারপতি বলেন, “দেশের রাষ্ট্রপতি হচ্ছেন, সবচেয়ে বড় সেবক। জজ সাহেবরা সেবক। সবাই নিজ নিজ ক্ষেত্রে মানুষের সেবক।

“আপনারাতো মনে করছেন, আমি আমার বিষয় থেকে দূরে চলে যাচ্ছি। কিন্তু দিস আর দ্য বেসিকস অব অল কজ। এই জিনিসগুলো যদি আপনারা আপনাদের কাজের মধ্যে না রাখেন, তাহলে কেনো সমস্যাই আপনারা চিহ্নিত করতে পারবেন না।”

এর ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “সমস্যাটাতো আপনার ব্যক্তিগত নয়, সমস্যাটাতো দেশের। সমস্যাতো আপামর জনগণের।”

‘বাংলাদেশের সমুদ্র অঞ্চল, সম্পদ ও পরিবেশ রক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হক বলেন, “বর্তমানে আমরা ঢাকায় বাস করি। সাগর সম্পর্কে আমাদের ধারণা নিশ্চয়ই কম। তবে এই ধারণাতো আমাদের নিতেই হবে।

“বিশ্বাস করেন, আমাদের দেশের যত আইন আছে, আমার ধারণা ইংল্যান্ডেও এতো আইন নেই। কিন্তু পার্থক্য হচ্ছে, ইংল্যান্ডে বা বিদেশে বা সভ্য জগতে আইনের প্রয়োগ রয়েছে।

“আপনারা কি জানেন, বাংলাদেশে ১০-১২ ভাগ দণ্ড হয়। তার মানে কি বাকি ৯০ ভাগ কোনো অপরাধ হয় না? কেন খালাস পায়? কোথায় জটিলতা? সমস্যা কোথায়? সেই জাগয়াটাই অ্যাড্রেস করতে হবে।”

আইন কমিশনের চেয়ারম্যান বলেন, “আমরা আইন বানাবো, আমি যেখানে আছি সেটা আইন বানানোরই একটি দপ্তর বটে। কিন্তু আইন বানানো এত সোজা না। যে আইন দিয়ে দেড়শ বছর এই দেশ শাসিত হয়েছে, সেই আইনগুলো কিন্তু আকাশ থেকে পড়েনি।

“তাদের আইন তৈরির পেছনে হাজার বছরের টাচ রয়েছে। কাজেই তাদের আইনগুলো আমরা ছুড়ে ফেলে দিবো না। সেই আইনগুলো প্রথমত, আমরা প্রয়োগ করার চেষ্টা করবো। দ্বিতীয়ত, আমরা সেগুলোকে উন্নত করার চেষ্টা করবো।”

বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশে আমাদের সমস্যা পূর্ব থেকেই প্রকট হয়েছে এবং দিনে দিনে আরো প্রকট হচ্ছে। আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তরে রয়েছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘাসহ আরো অনেক পর্বত শ্রেণি। এর প্রভাবে মৌসুমী বায়ুতে আমাদের যেমন শস্য-শ্যামল সোনার বাংলা হয়।   

“তেমনি ঝড়ের প্রকোপও হয়। নানা প্রাকৃতিক দুর্যোগও আমাদের সহ্য করতে হয়। তবে আমাদের একটু পার্থক্য রয়েছে। আপনাদের মনে আছে, গত বছর বা তার আগের বছর আমেরিকায় বন্যা হয়েছে। তাদের হায় হায় অবস্থার ছবি আমরা টেলিভিশনে দেখেছিলাম। অনেকে ঠাট্টা করে বলেছিলেন, বাংলাদেশ থেকে ডিজাস্টার ব্যবস্থাপনার কিছু লোক আমেরিকায় পাঠানো দরকার। বাংলাদেশে বর্ষা হবে, বন্যা হবে, পরেরদিনই দেখবেন, সেই হাফ নেকড লোকটি ঘরের চালা বাঁধছে। চেষ্টা করছে বেঁচে থাকবার জন্য।”