২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ফুফাত ভাইয়ের মৃত্যুতে হাসিনার শোক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাত ভাই মমিনুল হক খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 06:01 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হয় মমিনুল হকের। তার বয়স হয়েছিল ৮১ বছর।

বঙ্গবন্ধুর মেজ ফুপুর ছেলে মোমিনুল হক ‘খোকা ভাই’ নামে পরিচিত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মমিনুল হক খোকার মৃত্যুতে একজন মুরুব্বি এবং অকৃত্রিম শুভাকাক্ষীকে হারিয়েছেন বলে শেখ হাসিনা তার শোকবার্তায় উল্লেখ করেছেন।

বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে প্রয়াত মমিনুল হকের দীর্ঘ ঘনিষ্ঠতা এবং ১৯৭৫ সালের ১৫ অগাস্ট পরবর্তী দুঃসময়ে তার স্নেহ, সহানুভূতি ও সহযোগিতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বঙ্গবন্ধুকন্যা।

সিঙ্গাপুর নেয়ার আগে মমিনুল অসুস্থ হয়ে ঢাকা এপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার সেখানে তাকে দেখেও আসেন প্রধানমন্ত্রী।  

Image
ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার চাচা মমিনুল হককে দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা।

ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার চাচা মমিনুল হককে দেখতে গিয়েছিলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী মমিনুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মমিনুল হক কিডনির জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তাকে বিশেষ বিমানে সিঙ্গাপুর নেয়া হয়েছিল।

তার লাশ শনিবার ঢাকায় আনা হতে পারে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

বঙ্গবন্ধুর বন্ধুর মৃত্যুতে শোক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু এবং কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা কে এম চাঁন মিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি বলেছেন, “গীতিকার ও শিল্পী চাঁন মিয়া তার গান শুনিযে মুগ্ধ করতেন। তিনি গানে নিপীড়িত মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরতেন।”

কৃষক লীগের উপদেষ্টা পরিষদের সদস্য চাঁন মিয়া শনিবার ঢাকায় তার রামপুরার বাসায় শেখ নিঃশ্বাস ত্যাগ করেন।