ভাবিকে কুপিয়ে জখম করল দেবর
রাজশাহীর পবা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে তার দেবর।
শনিবার দুপুরে দারুশা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনায় আয়শা খাতুনের (৩০) দুই কব্জি মারাত্মকভাবে কেটে গেছে, একটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে এবং পিঠে কেটে গেছে।
আয়শা খাতুন ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আয়শার স্বামী ইউনুস বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আয়শা বাড়ির উঠানে ধান শুকানোর কাজ করছিলেন। এ সময় ইউনুসের ছোট ভাই সোনারুল হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
সোনারুলের স্ত্রী সুমি ও আয়শার মধ্যে ঝগড়ার জেরে সোনারুলিএ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন ইউনুস।
বিকালে পবা থানার ওসি মতিয়ার রহমান জানান, তিনি সাংবাদিকদের কাছে বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
