`নূর হোসেনের অবস্থানের সঠিক তথ্য পুলিশের কাছে নেই'
আলোচিত সাতখুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অবস্থান সম্পর্কে পুলিশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন জানিয়েছেন।
নূর হোসেনকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইতে পুলিশ সদরদপ্তরকে চিঠি দেয়ার বিষয়টি তুলে ধরে তার কাছে জানতে চাওয়া হয় নূর হোসেন বিদেশে পালিয়ে গেছেন কি না।
এর জবাবে পুলিশ সুপার বলেন, “বৃহস্পতিবার পর্যন্ত নূর হোসেনের অবস্থান সর্ম্পকে পুলিশের কোন ধারণা ছিল না। কিন্তু সময় অনেক গড়িয়ে যাওয়ায় সতর্কতার অংশ হিসেবেই ইন্টারপোলের রেড ওয়ারেন্ট জারি করতে চিঠি দেয়া হয়েছে।”
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি।
ফাইল ছবি
“তদন্তের প্রয়োজনে এর ব্যাপ্তী বা আকার বাড়তে পারে। সময়মতো সব জানতে পারবেন,” বলেন তিনি।
গত ২৭ এপ্রিল কাউন্সিলর অপহরণ এবং তিন দিন পর লাশ উদ্ধারের আগ পর্যন্ত সিদ্ধিরগঞ্জে দেখা গেলেও তারপর থেকে অপ্রকাশ্য নূর হোসেন।
সাত খুনের পর আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া এই নেতা ভারতে পালিয়ে গেছেন বলে র্যাব বলে আসছে।
সাত খুনের পর নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম দাবি করেন, নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এর এক সপ্তাহ পর নূর হোসেনের সিদ্ধিরগঞ্জের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি। আদালতের নির্দেশে তার অস্থাবর সম্পত্তি ইতোমধ্যে ক্রোক করেছে পুলিশ, বাতিল করা হয়েছে তার অস্ত্রের লাইসেন্স।
সাত খুনের মামলায় দ্বিতীয় আসামি হাজি ইয়াসিন মিয়াও দেশের বাইরে পালিয়ে আছেন বলে গণমাধ্যমের খবর।
এই হত্যাকাণ্ডের ঘটনায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হলেও মামলার কোনো আসামিকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম ও রুমন রেজা বক্তব্য রাখেন।
এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন সবুজ, সদস্য বিমান ভট্টাচার্য, সদস্য রফিকুল ইসলাম জীবন, সিনিয়র সাংবাদিক বিমল রায়, আবু সাউদ মাসুদ, বিল্লাল হোসেন রবিন, মাহফুজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
