শ্রদ্ধা-ভালবাসায় বীরমাতার বিদায়
শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হয়েছেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মা মকিদুন নেছা।
শুক্রবার দুপুরের পর ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
এর আগে বেলা ১১টায় মধুখালী ঈদগা মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং দুপুর ২টায় আড়পাড়া স্কুল মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়।
বার্ধক্যজনিত কারণে ৯৯ বছর বয়সে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ইন্তেকাল করেন এই বীরমাতা। স্বামী মুন্সী মেহেদী হাসান মারা গেছেন অনেক আগেই।
তার তিন সন্তানের মধ্যে মুন্সী আব্দুর রউফ ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি পালিত পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বীরমাতার কফিনে ফুলেল শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান। পরে সংসদ উপনেতা ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন যথাক্রমে সালথা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন ও ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
এছাড়া ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ বীরমাতাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার জামিল হাসান, বিজিবির প্রতিনিধি মেজর আনোয়ার জাহিদ, ফরিদপুরের পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজার রহমান মোল্লা, ইউএনও সাদিয়া জামান, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফকরুউদ্দিন আহমেদ কালু, ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন আহমেদ সতেজ প্রমুখ।
