১৭ ঘণ্টা পর নদী থেকে দুই বোনের লাশ উদ্ধার
কক্সবাজারের রামুতে নদীতে গোছল করতে গিয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর দুই বোনের লাশ উদ্ধার করা হয়েছে।
রামু থানার ওসি সাইফুল আহমেদ ভূইয়া জানান, বৃহস্পতিবার সকাল ৭টায় বাঁকখালী নদীর কাউয়ারখোপ ইউনিয়ন অংশ থেকে তাদের লাশ উদ্ধার করে কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত নারগিস আকতার (১১) ও আনিসা (৯) কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ ভিলেজারপাড়ার মাদ্রাসা শিক্ষক এনাম উল্লাহর মেয়ে।
নারগিস কাউয়ারখোপ রিয়াজুস ছালেহা বালিকা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এবং আনিসা কাউয়ারখোপ বালিকা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
ওসি সাইফুল বলেন, বুধবার বেলা ২টার দিকে বাড়ির পাশের বাঁকখালী নদীতে গোসল করতে যায় নারগিস ও আনিসা। এরপর দীর্ঘক্ষণ তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদীর ঘাটে গিয়ে গোসলের পর পরার জন্য নেয়া কাপড় এবং সাবান দেখতে পায়।
তিনি বলেন, পরে পুলিশে খবর দেয়া হলে রাত ১২টায় কক্সবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা উদ্ধার অভিযান শুরু হয়। সকালে নদীর ওই স্থানে নারগিসের মৃতদেহ ভেসে উঠে। একই সময় আনিসার মৃতদেহও উদ্ধার করে ডুবুরিরা।
