মানবসম্পদ উন্নয়নে জার্মান সংহযোগিতা চায় চট্টগ্রাম চেম্বার
বাংলাদেশে মানব সম্পদ তৈরিতে কারিগরি প্রশিক্ষণনের জন্য জার্মানির কাছ থেকে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে ‘ওএভি জার্মান-এশিয়া প্যাসিফিক বিজনেস অ্যাসোসিয়েশনের’ একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে এ সহযোগিতা চান চেম্বার নেতারা।
সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম বন্দরনগরীকে বাণিজ্যিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু উল্লেখ করে বলেন, দেশী-বিদেশী বিনিয়োগের আদর্শ স্থান চট্টগ্রাম।
সরকারের দেয়া ট্যাক্স হলিডেসহ অন্যান্য সুবিধা ব্যবহার করে বাংলাদেশের অবকাঠামো ও সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহবান জানান তিনি।
প্রতিনিধি দলের নেতা পিটার ক্লাসেন এদেশের শ্রমশক্তিকে অনুগত ও সহজে প্রশিক্ষণযোগ্য উল্লেখ করে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মাণ কারখানা স্থাপন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, অহীদ সিরাজ চৌধুরী, আনোয়ার শওকত আফসার, সিরাজুল ইসলাম, প্রতিনিধি দলের সদস্য ওয়ালটার স্টর্ক, নীলি আহলার্স, পল গুয়েনথার রূপরেস্ট, সাবিনা পান্ডে, টিমো প্রেকপ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
