২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

শিবপুর ইউনিয়নের সর্দারহাট গ্রামে বুধবার দুপুরে নিহত অঞ্জলী রাণী সর্দার ওরফে ময়না (২৮) স্থানীয় নিত্যরঞ্জন সরদারের স্ত্রী।

এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

আহতদের মধ্যে রয়েছেন ওই গ্রামের সতীশ চন্দ্রের ছেলে নিত্যরঞ্জন সর্দার ও তার ছোট ভাই চিত্তরঞ্জন সর্দার। বাকিদের নাম জানা যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সরদার হাট উচ্চ বিদ্যালয়ের সীমানা র্নিধারণকে কেন্দ্র করে পাশের জমির মালিক নিত্যরঞ্জন সরদার ও তার পরিবারের লোকজনের সঙ্গে বিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমানের ছেলে সেলিম মিয়া ও তার ভাতিজা লেলিন মিয়ার নেতৃত্বে একদল যুবক নিত্যরঞ্জন সর্দারের পরিবার এবং তার লোকজনকে মারধোর করে।

এতে আহত ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে অঞ্জলীর মৃত্যু হয়।

ওসি আরো জানান, অঞ্জলী রাণীর মৃত্যুর খবর শুনে এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের উপর চড়াও হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

অঞ্জলীর লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।