২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ‘চরমপন্থীর’ গলাকাটা লাশ উদ্ধার

পাবনার সাঁথিয়া উপজেলায়  ‘চরমপন্থী’ দলের এক আঞ্চলিক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 02:02 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

সাঁথিয়া থানার ওসি এসএম ফারুক হোসেন জানান, বুধবার বেলা ১১টায় উপজেলার মাধপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে চাঁদ আলী মোল্লার (৪৫) লাশ উদ্ধার করা হয়।

চাঁদ আলী চরমপন্থী দল পূর্ব বাংলা এমএল লাল পতাকার আঞ্চলিক নেতা ছিলেন বলে জানান তিনি।

ওসি ফারুক বলেন, মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন লোক। এরপর রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে তারা।

“সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের পাটের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ওসি আরো বলেন, দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে অথবা  প্রতিপক্ষরা তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

চাঁদের বিরুদ্ধে সাঁথিয়া থানায় কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি।