২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিস্টার হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

কেরাণীগঞ্জের মোবাইল ফোন ব্যবসায়ী আলমগীর হোসেন মিস্টার হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 01:24 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- জাহাঙ্গীর, সাইদুল ইসলাম, মাসুদ রানা, সালাউদ্দিন, সোলেমান (১), সোলেমান (২) ও জসীম। এদের মধে্যে সোলেমান (২) পলাতক আছেন।

তাদের সবার বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে।

রায়ে দণ্ডিতদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  জরিমানার এ অর্থ না দিলে তাদের আরো এক বছর কারাগারে কাটাতে হবে।

রায়ের বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ২০১০ সালের ১৬ নভেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জের ভাওয়ারভিটি গ্রামে নিজের বাড়ির সামনে আসামিদের হামলার শিকার হন আলমগীর। লাঠিপেটায় গুরুতর আহত অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় তার ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, নিহতের মোবাইল ফোনের দোকানে চোরাই মোবাইল ফোন সেট বিক্রি করতে গেলে আলমগীর আসামিদের চিনে ফেলেন। এর জের ধরে তাদের মধ্যে বিরোধী তৈরি হয়।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৭ জনের সাক্ষ্য নেয়া হয়।