২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুইজনকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুর ও মিরপুর উপজেলায় দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 12:46 PM

Updated : 22 Aug 2022, 06:19 PM

বুধবার সকাল ৮টার দিকে দৌলতপুরের গঙ্গারামপুর গ্রামে আম পাড়াকে কেন্দ্র করে মজিবর রহমান (২৩) ও মঙ্গলবার গভীর রাতে মিরপুরের কুন্ঠিয়ারচর এলাকায় জমি নিয়ে বিরোধে ইসা হককে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়।

দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, সকালে মজিবর তার প্রতিবেশী ইনতার আম বাগান থেকে কয়েকটি আম পাড়ে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইনতা ক্ষিপ্ত হয়ে মজিবরকে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় মজিবরের ছোট ভাই নয়ন বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে ইনতা।

পরে স্থানীয়রা দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিসৎক মজিবরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার ভেড়ামারা (সার্কেল) আশিক বিন হাসান জানান, জমি সংক্রান্তের বিরোধে ইসাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ইসা হককে তার বাবা আলী আকবর কিছুদিন আগে তার সব জমি রেজিস্ট্রি করে দেন। এ নিয়ে ইসার সঙ্গে ভাই মোজাক্কার ও বোন দেলোয়ারার বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ইসার নির্মাণাধীন ঘরের জানালা দিয়ে ঢুকে মোজাক্কার ও দেলোয়ারা তাকে ঘুমন্ত অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে নেয়া হয়েছে।

হত্যায় জড়িত অভিযোগে মোজাক্কার ও  দেলোয়ারাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।