জামালপুরে মেডিকেলের স্থান নিয়ে ক্ষুব্ধ পাথালিয়াবাসী
জামালপুর মেডিকেল কলেজ শহরের শাহাপুর না করে জেনারেল হাসপাতাল এলাকায় করার দাবি জানিয়েছে পাথালিয়াসহ কয়েকটি গ্রামের লোকজন।
এদিকে, শহরের শাহাপুর মৌজায় ব্রহ্মপুত্র বাইপাস এলাকায় মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের জন্য জরিপ শুরু করেছে সরকার।
মঙ্গলবার সকালে শহরের পাথালিয়া ও কম্পপুরসহ কয়েকটি গ্রামের নারী পুরুষ বিক্ষোভ মিছিল করে এবং জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের বীর মুক্তিযোদ্ধা আজিজ মাস্টার চত্বরে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখে।
পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমান উল্লাহ আকাশ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি খন্দকার হাফিজুর রহমান বাদশা, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, ছাত্রনেতা ফারহান আহমেদ।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান স্মারকলিপি গ্রহণ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দিলে কর্মসূচি শেষ করে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে জামালপুরের ইসলামপুরে এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন পুনরায় ক্ষমতায় গেলে জামালপুরে মেডিকেল কলেজ করা হবে।
সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জামালপুর মেডিকেল কলেজ অনুমোদনও পায়।
জামালপুরে মেডিকেল কলেজ স্থাপনের জন্য শহরের শাহাপুর মৌজায় ব্রহ্মপুত্র বাইপাস এলাকায় জমি অধিগ্রহণের জন্য জরিপ শুরু করায় পাথালিয়াসহ কয়েকটি গ্রামবাসী আন্দোলনের ডাক দেয়।
তারা চায়, মেডিকেল কলেজ শাহাপুরে না হয়ে জামালপুর জেনারেল হাসপাতাল এলাকায় করা হোক।
