মালয়েশিয়াগামীদের সঙ্গে কোস্টগার্ডের সংঘর্ষ
কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলে মালয়েশিয়াগামীদের সঙ্গে সংঘর্ষে কোস্টগার্ডের এক সদস্যসহ তিন জন আহত হয়েছেন।
মঙ্গলবার সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এ সংঘর্ষের পর অবৈধভাবে মালয়েশিয়াগামী ৫৪ জনকে উদ্ধার এবং আট নাবিক ও চার দালালকে আটক করা হয়; জব্দ করা হয়েছে দুটি ট্রলার।
আহতদের টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ওই কোস্টগার্ড জানায়।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. কাজী হারুন-উর-রশীদ জানান, সাগরে নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালাচ্ছিল কোস্টগার্ড।
এ সময় ৫৪ জন মালয়েশিয়াগামী যাত্রীকে উদ্ধার, ৮ মাঝিমাল্লা ও ৪ দালালকে আটক এবং দুটি ট্রলার জব্দ করা হয়।
অভিযান চলাকালে কোস্টগার্ডের সদস্যদের উপর হামলা চালায় পাচারকারীরা।
হামলায় কোস্টগার্ডের বিট কর্মকর্তা হাসান আহত হন। কোস্টষ্টগার্ড সদস্যদের গুলিতে ট্রলারের দুই নাবিক আহত হয়েছে, তবে তাদের নাম জানা যায়নি।
সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. শহীদ আল আহসান জানান, উদ্ধার যাত্রীদের মধ্যে নারায়ণগঞ্জের ৩ জন, নরসিংদীর ২২ জন, ঢাকার ৪ জন, ব্রাহ্মণবাড়িয়ার ৩ জন, কুষ্টিয়ার ৫ জন, যশোরের ৩ জন, পাবনার ২ জন, নড়াইলের ১ জন, বগুড়ার ২ জন ও চট্টগ্রামের ১ জন রয়েছে।
বাকিদের পরিচয় জানাতে পারেননি তিনি।
