সিলেটে হামলার প্রতিবাদে ঢাকায় নার্সদের বিক্ষোভ
সিলেট ওসমানী মেডিকেলের এক শিক্ষানবিশ চিকিৎসকের শাস্তি দাবিতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শতাধিক শিক্ষার্থী।
এরপর টিএসসিতে কিছুক্ষণ অবস্থান করে আবারে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন ক্যাম্পাসে ফিরে যান তারা।
ঢাকা নার্সিং কলেজ ছাত্রকল্যাণ সমিতির সহসভাপতি এনামুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেটে আমাদের এক শিক্ষানবিশ নার্সের ওপর এক শিক্ষানবিশ চিকিৎসক হামলা করেছে। আমরা তার ইন্টার্নশিপ বাতিল ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে বিক্ষোভ করছি।”
সমাবেশে ঢাকা নার্সিং কলেজ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাহিদা আক্তার লাকি, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
