২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে মুখোশধারীর গুলিতে নিহত ২

নোয়াখালীর চাটখিল উপজেলায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 10:32 AM

Updated : 26 Jul 2022, 12:40 PM

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চাটখিল বাজার এবং দশঘড়িয়া বাজারে এ দুই ঘটনায় আরো অন্তত দুই জন গুলিবিদ্ধ হয়েছেন বলে চাটখিল থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- চাটখিল বাজারের ভ্যান চালক দুলাল (৩০) এবং দশঘড়িয়া বাজারের মুনস্টার পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার কামাল হোসেন(৩০)।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে চাটখিল-ঢাকা ও চাটখিল-রামগঞ্জ সড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

আহতদের মধ্যে মনির হোসেনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যজনের পরিচয় জানা যায়নি এবং তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তাও জানাতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে ওই দুই স্থানে প্রায় একই সময়ে দুই মুখোশধারী সন্ত্রাসী মোটরসাইকেলে করে জনসম্মুখে এসে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এতে দুলাল ও কামাল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

স্থানীয়রা জানান, এলাকার দুর্ধর্ষ ডাকাতদলের সর্দার ‘খোরশেদ ডাকাত’ সম্প্রতি এলাকায় ঢুকেছেন বলে তারা শুনেছেন। তার অনুসারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা তাদের।

নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ধারণা এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য খোরশেদ ডাকাতের বাহিনী এ ঘটনা ঘটিয়েছে। কারণ দুই সন্ত্রাসীর গুলির ধরণ একই রকম।”

বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এহসানুল কবির জানান, সন্ত্রাসীদের ধরতে এরইমধ্যে চাটখিলের বিভিন্ন এলাকায় অভিযান শুরু হয়েছে।

নিরাপত্তার স্বার্থে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।