ক্যাবল অপারেটদের ‘চ্যানেল’ বন্ধের সুপারিশ
ক্যাবল অপারেটরদের নিজস্ব উদ্যোগে পরিচালিত ‘চ্যানেল’ দ্রুত বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছে এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার বিকেলে জাতীয় সংসদে ভবনে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ সাংবাদিকদের বলেন, “অনুমতি ছাড়া ক্যাবল অপারেটররা কিছু চ্যানেল চালাচ্ছে। এখানে সিডির মাধ্যমে কী দেখানো হচ্ছে তার কোনো নিয়ন্ত্রণ নেই।
“মন্ত্রণালয়কে এ বিষয়ে তদন্ত করে দ্রুত বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
এর আগে ২০১২ সালের ১৬ মে নবম সংসদের এই সংসদীয় কমিটিতে একই বিষয়ে আলোচনা হয়।
ওই সময় মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, অনুমোদনহীন ‘চ্যানেল’ সম্প্রচার করে ক্যাবল অপারেটররা ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক অপারেশন অ্যাক্ট-২০০৬’ লংঘন করছে।
এছাড়া নিজেদের ইচ্ছামতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শন ও বিজ্ঞাপন প্রচার করে ক্যাবল অপারেটররা প্রতিনিয়ত আইন ভঙ্গ করছে বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ওই সময় সংসদীয় কমিটি আইনজীবীদের পরামর্শ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল চূড়ান্ত
এদিকে ‘অনলাইন সাংবাদিকদের’ অন্তর্ভুক্ত করে ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিল-২০১৪’ সংসদে পাসের জন্য সুপারিশ প্রতিবেদন চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি।
গত ২ এপ্রিল বিলটি সংসদে উত্থাপন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পরে এটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে অসুস্থ, অস্বচ্ছল, আহত এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়মিতভাবে ভাতা বা অনুদান দেয়ার স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের প্রস্তাব রাখা হয়েছে।
সংসদে উত্থাপিত খসড়া আইনে, সাংবাদিকদের সংজ্ঞায় ‘অনলাইন’ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অন্তর্ভুক্ত ছিলেন না।
সংসদীয় কমিটি বিলে সাংবাদিকদের সংজ্ঞায় ‘অনলাইন সাংবাদিকদের’ অন্তর্ভুক্ত করেছে বলে জানান কমিটি সভাপতি রহমতুল্লাহ।
সংসদে উত্থাপিত বিলে সাংবাদিকের সংজ্ঞায় বলা হয়েছে, “সাংবাদিক অর্থ কোন ব্যক্তি যিনি একজন সার্বক্ষণিক সাংবাদিক এবং যিনি প্রিন্ট অথবা ইলেট্রনিক মিডিয়ায় কাজে নিয়োজিত আছেন এবং কোন সম্পাদক, সম্পাদকীয় লেখক, সংবাদ সম্পাদক, উপ-সম্পাদক, ফিচার লেখক, রিপোর্টার, সংবাদদাতা, কপি টেস্টার, কার্টুনিস্ট, সংবাদ চিত্রগ্রাহক, ক্যালিগ্রাফিস্ট এবং প্রুফ রিডারও এর অন্তর্ভুক্ত হবে।”
কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, জাহাঙ্গীর কবির নানক, সিমিন হোসেন রিমি, মৃণাল কান্তি দাস, সাইমুম সরওয়ার কমল এবং সালাহউদ্দিন আহমেদ মুক্তি উপস্থিত ছিলেন।
