চট্টগ্রামে বিক্ষোভ করবে নার্সিং শিক্ষার্থীরা
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ সেবকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার প্রতিবাদে মঙ্গলবার ক্লাস বর্জনসহ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
সোমবার চট্টগ্রাম নার্সিং কলেজ ‘স্টুডেন্টস ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের’ সভাপতি সৈয়দ আহমেদ তানছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কর্মসূচির কথা জানান।
রোববার মধ্যরাতে ওসমানী হাসপাতালে কথা কাটাকাটির জের ধরে শিক্ষানবিশ চিকিৎসকরা সেখানে দায়িত্ব পালনরত শিক্ষানবিশ সেবকদের ওপর হামলা করেন।
হামলায় পলয় নামে এক সেবক গুরুতর এবং বাকি পাঁচ শিক্ষানবিশ সেবক সামান্য আহত হন, যার জের ধরেই মঙ্গলবারের কর্মসূচি দিয়েছে নার্সিং শিক্ষার্থীরা।
তানছির উদ্দিন দাবি করেন, হামলার প্রতিবাদে মঙ্গলবার চট্টগ্রাম নার্সিং কলেজের পাশাপাশি দেশের সাতটি নার্সিং কলেজের শিক্ষার্থীরাও কালো ব্যাজ ধারণ ও ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ নার্সিং কলেজ শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন’ তাদের এই বিক্ষোভ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বলে জানান তাসির।
তিনি বলেন, এসব কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম নার্সিং কলেজ ক্যাম্পাসে দুপুর ১২ টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।
