চট্টগ্রাম নগরীতে অবৈধ স্থাপনা অভিযান
চট্টগ্রাম নগরীর নগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে আলাদা অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।
সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কাপাসগোলা সড়কের ওয়ালি বেগ খাঁ মসজিদ মোড় থেকে বড় গ্যারেজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালায় সিডিএ।
সিডিএ’র অথরাইজেশন অফিসার-১ মনজুর হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে বলেন, অভিযান চলাকালে সড়কের উভয় পাশের প্রায় ৪০টি কাঁচা ও সেমি পাকা স্থাপনা এবং চারটি বহুতল ভবনের সম্প্রসারিত অংশ ভাঙ্গা হয়।
মনজুর হাসান জানান, সড়কটি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৬০ ফুট প্রশস্ত করা হবে।
এদিকে আলাদা অভিযানে নগরীর চান্দগাঁও থানার টেকবাজার শাখা খালের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিসিসি।
সিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালের জমিতে গড়ে ওঠা ৫০টি ঘর ও দোকান উচ্ছেদ করা হয়। এতে উদ্ধার হওয়া ১৫ জমি সিসিসির প্রকৌশল বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন সিসিসির ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন। উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলামসহ প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
