২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিসভায় রাকাব আইন অনুমোদন

সেবার মান বাড়াতে ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আইন, ২০১৪’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 09:31 PM

Updated : 22 Aug 2022, 06:18 PM

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, সামরিক শাসনামলের ‘১৯৮৬ সালের রাজশাহী কৃষি উন্নয়ন অধ্যাদেশ’ আইনে পরিবর্তন করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

অধ্যাদেশ থেকে আইনে পরিবর্তন করতে কিছুটা পরিমার্জন করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এখানে কৃষি বলতে কী বোঝায় তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আগের আইনের কৃষির সংজ্ঞার সঙ্গে মৎস প্রক্রিয়াকরণ যুক্ত করা হয়েছে এবং গবাদিপশু পালনের সাথে পশুজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ যুক্ত করা হয়েছে ইত্যাদি।”

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে ব্যাংকের কিছু কাজ সম্প্রসারণ করা হয়েছে। মৎস্য প্রক্রিয়াকরণ, পশুপালন, পশুজাত পণ্য বিপণন,পশুখাদ্য বিপণন ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত করে সেবার সুযোগ বাড়ানো হয়েছে।

মোশাররাফ হোসেন ভূঁইঞা বলেন, “ক্ষুদ্র কৃষিজীবী সংজ্ঞাকে সম্প্রসারিত করা হয়েছে। মৎস্যজীবী এবং হাঁস-মুরগি পালনকারীদের এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে অধিক সংখ্যক লোক কৃষি ব্যাংকের সেবা পাবে।”

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আগে এর সেবার পরিধি ছিলো শুধু রাজশাহী বিভাগ। কিন্তু নতুন করে রংপুর বিভাগ সৃষ্টি হয়েছে। নতুন আইনে রাজশাহী ও রংপুর বিভাগের সব এলাকা এ সুবিধার মধ্যে আসবে। যদিও রংপুর বিভাগ হওয়ার পরও এ সুবিধা পেত, তবে তা এখন আইনের মধ্যে রাখা হয়েছে।”

তিনি জানান, এছাড়া ব্যাংকের বোর্ড সদস্য সংখ্যা ৭ থেকে বাড়িয়ে ১১ সদস্যে উন্নীত করা হয়েছে। রাজশাহী বিভাগের পাশাপাশি রংপুর বিভাগের মৎস্য, প্রাণী ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা এ বোর্ডে থাকবেন।

“ব্যাংক শাখা সম্প্রসারণের পাশাপাশি এজেন্ট ব্যাংকির করতে পারবে। কর্মক্ষেত্রে আধুনিকায়ন যেমন- মোবাইল ব্যাংকিং অনলাইন ব্যাংকির অন্তর্ভুক্ত করা হয়েছে,” বলেন মন্ত্রিপরিষদ সচিব।

খসড়া আইনে আর্থিক বিবরণী ও প্রতিবেদন সরকারি গেজেটের পাশাপাশি ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় দিতে হবে বলে বাধ্যবাধকতা রাখা হয়েছে। যেহেতু ব্যাংকের কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে তাই নতুন আইনে উপ-ব্যবস্থাপনা পরিচালকের পদও সৃষ্টি করা হয়েছে।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন

‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৪’  খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, ২০১১ সালের মার্চে খুলনা সফরের সময় প্রধানমন্ত্রী একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

২০১১ সালের অক্টোবরে এ আইন মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল এবং তা নীতিগত অনুমোদন করা হয়েছিলো।

অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো এ আইনে কর্মকর্তা কারা হবেন, নিয়োগ পদ্ধতি, অ্যাকাডেমিক কার্যক্রম, ও কার কী দায়িত্ব হবে ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।

কৃষি শিক্ষার বিকাশের জন্য এ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেন সচিব। 

এছাড়া গত এপ্রিল মাসে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের জাপান সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয় বলে জানিয়েছেন সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা ।