পাবনায় অপহৃত গৃহবধূ উদ্ধার, আটক ৫
পাবনায় এক নারীকে অপহরণের অভিযোগে পাঁজনকে আটক করেছে র্যাব।
সোমবার শহরের শালগাড়িয়া এলাকা থেকে হাফিজা আক্তার রজনীকে (৩০) উদ্ধার করা হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেনেন্ট সোহান বিন আকিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে সদর হাসপাতালের সামনে থেকে হাফিজাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা।
বিকাল তিনটার দিকে শহরের শালগাড়িয়া দিশারী কেবল নেটওয়ার্কের সামনে থেকে অহরণকারী ৫ জনকে আটক করা হয় এবং হাফিজাকে উদ্ধার করা হয় বলে জানান লেফটেনেন্ট সোহান।
আটকরা হলেন- পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার দেলোয়ার শেখের ছেলে রেজাউল করিম রেজা (৩০), মোফাজ্জল হোসেনের ছেলে রোকনুজ্জামান রকু (৩৩), লিয়াকত আলীর ছেলে স্বপন আলী (৩০), আব্দুল হান্নানের ছেলে শামিম হোসেন (২৬) ও খায়ের হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫)।
এ ঘটনায় মামলা দায়ের করে আটকদেরকে সদর থানায় সোপর্দ করা হবে বলেও জানান র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কমান্ডার লেফটেনেন্ট সোহান।
