রোগীর মৃত্যুতে বরিশালে চিকিৎসককে মারধর
রোগীর মৃত্যুর জের ধরে বরিশালের হিজলা উপজেলায় এক চিকিৎসককে মারধর করেছে রোগীর স্বজনরা।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ইশারুল সিকদারের (১৩) মৃত্যুকে কেন্দ্র করে এ ঘটনায় তার দুই স্বজনকে আটকও করেছে পুলিশ।
আটককৃতরা হলেন মৃতের বড় ভাই ইউনুস সিকদার ও নিকট আত্মীয় আলামিন মৃধা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভঙ্কর বাড়ৈ বলেন, “চিকিৎসা শুরুর আগেই শিশুটি মারা যায়।
তিনি দাবি করেন, এখানে তাদের কিছুই করার ছিল না।
মারধরের শিকার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শুভঙ্কর বাড়ৈ মামলা করবেন বলে জানিয়েছেন হিজলা থানার ওসি শওকত আনোয়ার।
ওসি জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা দুলাল সিকদারের অসুস্থ ছেলে ইশারুল সিকদারকে (১৩) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এরপর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং স্বজনদের প্রয়োজনীয় ওষুধ আনতে বলা হয়। এদিকে ইশারুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
এ সময় ওষুধ দেয়ার আগেই ডা. শুভঙ্করের উপস্থিতিতেই রোগীর মৃত্যু হয়।
এতে চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসকে মারধর করে রোগীর স্বজনরা।
পরে পুলিশ গিয়ে মৃত রোগীর দুই স্বজনকে আটক করে বলে জানায় পুলিশ।
