নতুন ক্রেস্ট দেয়ার নির্দেশনা চেয়ে রিট
মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা স্মারক হিসেবে দেয়া ক্রেস্ট নিয়ে দুর্নীতির অভিযোগের মধ্যে নতুন করে ক্রেস্ট দেয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট হয়েছে।
একাত্তরের এক শহীদ পরিবারের সদস্য নাসরিন আহমেদের পক্ষে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এই রিট আবেদন করেন।
ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে পরিশোধিত বিল ফিরিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশনা দেয়া হবে না, মর্মে রুল চাওয়া হয়েছে রিটে।
এছাড়া নতুন ক্রেস্ট তৈরি করে তা বাংলাদেশি দূতাবাসের মাধ্যমে বিদেশি বন্ধুদের কাছে পৌঁছে দিতে কেন নির্দেশনা দেয়া হবে না, তাও জানতে রুল চাওয়া হয়।
এই দুর্নীতির ঘটনা তদন্তে ঢাকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
গত বছরের অক্টোবর পর্যন্ত সাত ধাপে প্রায় আড়াইশ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়েছে।
একটি জাতীয় দৈনিকে গত ৬ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই সম্মাননা ক্রেস্টে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম স্বর্ণ দেয়া হয়। তাছাড়া রুপার পরিবর্তে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ওইসব ক্রেস্টে ১১ তোলা করে স্বর্ণ দেয়ার কথা ছিল। কিন্তু দেয়া হয়েছে দুই তোলা। এ মাধ্যমে ঘটনার হোতারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গোটা জাতির প্রতিটি মানুষকে ছোট করেছেন। এই অপরাধ ক্ষমা করা যায় না।
“একাত্তরে আমাদের বিপদের দিনে পাশে দাঁড়ানো মানুষদের কাছে যে ভুল বার্তা গেছে, তাদের নতুন করে ক্রেস্ট দিলে সেটা কিছুটা হলেও লাঘব হবে।”
ক্রেস্ট নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠার পর ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়।
এছাড়া গত ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করে।
