২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অপহরণকারী চক্রের’ ৫ জন আটক

রাজধানীর মিরপুর ও সিরাজগঞ্জে অভিযান চালিয়ে এক কিশোরীসহ ‘অপহরণকারী চক্রের’ পাঁচ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ‘অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2014, 04:57 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সোমবার এক সংবাদ  ব্রিফিংয়ে জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এলাকাগুলোতে এসব অভিযান চালানো হয়।   

আটকরা সবাই পেশাদার অপহরণকারী বলে দাবি করেন তিনি।

এরা হলেন- মো. রেজাউল(৩৬), শিউলী আক্তার শিল্পী (১৬), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুস সামাদ (৪৯) ও মরতুজা (২৮)।

যুগ্ম কমিশনার মনিরুল সাংবাদিকদের বলেন, “নারীদের দিয়ে প্রলোভন দেখিয়ে তারা ধনী ব্যক্তিদের ফাঁদে ফেলে। এরপর তাদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে।”

এই পাঁচ জন গত ৩০ এপ্রিল ডিবি পুলিশ পরিচয় দিয়ে উত্তরার ‘আমন্ত্রণ রেস্তোরাঁ’র মালিক মো. খলিলুর রহমানের ছেলে জসিম উদ্দিনকে অপহরণ করে তাদের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ২ মে খলিলুর বাদী হয়ে তুরাগ থানায় ছেলে অপহরণের অভিযোগে একটি মামলা করেন। ৮ মে মুক্তিপণের টাকা দিয়ে জসিমকে মুক্ত করে তার পরিবার।

পরে এই ঘটনায় তদন্ত করতে গিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

মুক্তিপণের এক লাখ টাকা পাওয়া গেছে উল্লেখ করে মনিরুল ইসলাম জানান, বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। 

সংবাদ ব্রিফিংয়ে যুগ্ম কমিশনার বলেন, “গত ৩ এপ্রিল অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করার পর এ পর্যন্ত বিভিন্ন ঘটনার ৬৩টি অভিযোগ এসেছে, যার মধ্যে ৫২টিই অপহরণের। এর মধ্যে ১৪টি ঘটনায় ভিকটিমকে উদ্ধার করে আসামিদের আটক করা হয়েছে।”

বিফিংয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান, গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।