মুন্সীগঞ্জে লঞ্চডুবির ৪ দিন পর মামলা
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে লঞ্চডুবে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির চার দিন পর মামলা করেছে পুলিশ।
রোববার গভীর রাতে গজারিয়া থানার এসআই হায়দার হোসেন আকন্দের করা এই মামলায় ডুবে যাওয়া এমভি মিরাজ-৪ লঞ্চের মালিক আনোয়ার হোসেনসহ সাতজনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- লঞ্চের মাস্টার রফিকুল ইসলাম, সারেং সামছুদ্দিন, সুকানী মিন্টু, কয়েলম্যান শহীদ, টিকিট মাস্টার দুলাল ও কেবিন বয় নূরুল ইসলাম।
এছাড়াও মামলায় অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন।
বৃহস্পতিবার বিকালে ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরগামী লঞ্চটি ঝড়ের কবলে পড়ে আড়াইশ’ যাত্রী নিয়ে গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে নদীতে ডুবে যায়।
এ ঘটনায় ৫৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের পরিচয় নিশ্চিত হওয়ার লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
ওসি ফেরদৌস বলেন, “বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ মামলা না করায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।”
মামলায় অতিরিক্ত যাত্রী ও মাল বোঝাই এবং লঞ্চ কর্তৃপক্ষের অবহেলায় প্রাণহানি ও জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
দুর্ঘটনার চার দিন পর মামলা করা প্রসঙ্গে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, দুর্ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি ফৌজদারি অপরাধ। ক্ষতিগ্রস্ত কোনো যাত্রী বা নৌপথের নিয়ন্ত্রণকারী বিআইডব্লউটিএ’র এ ব্যাপারে মামলা করার কথা।
“কিন্তু তাদের (বিআইডব্লিউটিএ) জন্য অপেক্ষায় থাকায় মামলা করতে দেরি হয়েছে।”
তবে বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকেও মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “থানায় মামলা করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উদ্ধারকৃত লঞ্চটি আটক রাখা হবে।”
বর্তমানে লঞ্চটি দুর্ঘটনাস্থলের কাছেই পুলিশ পাহারায় রাখা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
