লঞ্চটি চালাচ্ছিলেন বদলি মাস্টার, আরেক লাশ উদ্ধার
মুন্সীগঞ্জে দুর্ঘটনাকবলিত এমভি মিরাজ-৪ চালাচ্ছিলেন বদলী মাস্টার, যিনি নিজেও মারা গেছেন। লঞ্চটির মাস্টার ছিলেন ছুটিতে।
এদিকে রোববার সন্ধ্যায় আকেটি পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে, যার পরিচয় জানা যায়নি।
নিখোঁজদের খোঁজে নদীতে এখনো তল্লাশি চলছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
রোববার তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
বৃহস্পতিবার বিকালে ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরগামী এ লঞ্চটি ঝড়ের কবলে পড়ে আড়াইশ যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দৌলতপুরের কাছে মেঘনায় ডুবে যায়।
গজারিয়ার ইউএনও এ টি এম মাহবুব করিম জানান, দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দক্ষিণে কালীপুরার কাছে মেঘনা নদীতে একটি লাশটি ভেসে উঠলে এলাকাবাসী প্রশাসনকে জানায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এখনও এর পরিচয়া পাওয়া যায়নি।
এ নিয়ে এই দুর্ঘটনায় উদ্ধারকৃত লাশের সংখ্যা দাঁড়ালো ৫৬।
এর আগে উদ্ধার ৫৫ লাশের পরিচয় পাওয়া গেছে এবং স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে তদন্ত কমিটি
তদন্ত কমিটির প্রধান নৌ বাণিজ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জাহাজ জরিপ ইঞ্জিনিয়ার এএফএম সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার সময় এমভি মিরাজ-৪ এর মাস্টার ছিলেন না। তিনি ছুটিতে ছিলেন। তাই লঞ্চটি চালাচ্ছিলেন বদলি মাস্টার। তিনিও মারা গেছেন।
রোববার দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এই কথা জানান।
এর আগে শুক্রবারও তিনি ঘটনাস্থলে আসেন। তবে এ পর্যন্ত মাত্র চার জনের সাক্ষাত নিয়েছেন। এই চারজনের মধ্যে রয়েছেন গজারিয়ার ইউএনও, পুলিশ ও বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা।
তিনি জানান, লঞ্চটির অনুমোদিত নকশার সঙ্গে লঞ্চটির বাস্তব অবস্থা মিলানো হচ্ছে। মাপঝোখ করা হয়েছে। লঞ্চটির ফিটনেসও দেখা হচ্ছে।
এ ভ্যাপারে বিআডব্লিউটিএ চেয়ারম্যান শামসুদ্দো খন্দকার এর আগে জানান, লঞ্চটি দেখেই মনে হচ্ছে এটির নকশায় ত্রুটি রয়েছে। এছাড়াও রং ভালো থাকলেও ফিটনেসও ভালো নয়। উদ্ধারের সময় যেখানে বাঁধা হচ্ছিল ভেঙে চলে আসছিল।
মেঘনার তীরে স্বজনদের অপেক্ষা
লঞ্চডুবির ঘটনায় এখনও নদী তীরে নিখোঁজদের স্বজনরা অপেক্ষা করছেন, হয়ত লাশটি খুঁজে পাওয়া যাবে এ আশায়।
ঢাকার নাবাবগঞ্জের দরিকান্দা গ্রামের আব্দুল করিমের মেয়ে কল্পনা আক্তারের (১৩) খোঁজে স্বজনারা মেঘনার তীরেই দিন যাপন করছেন। কান্না জড়িত কণ্ঠে কল্পনার খালু শাহাদাত বলেন, কল্পনাকে যতদিন না পাব, ততদিন মেঘনা পারেই থাকব। এ সময় তার সঙ্গে মাটিতে মলিন চেহারায় বসা ছিলেন আরেক খালু শুক্কুর আলী ও কল্পনার চাচা সাহেব আলী। তারাও ব্যাকুল হলে কাঁদছিলেন।
কাঠমিস্ত্রী শাহাদাৎ হোসেন বলেন, কল্পনার শোকে মা গৃহিনী শাহানার বেগম, বাবা কাঠ মিস্ত্রী আব্দুল করিম এখন শোকে পাথর।
কেরানীগঞ্জের রুহিতপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী কল্পনা পাশের ভাড়াটিয়া মাসুম হোসেনের পরিবারের সঙ্গে তাদের গ্রামের বাড়ি নড়িয়া উপজেলার চাকধ গ্রামে যাচ্ছিল।
চার দিনেও মামলা হয়নি
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জাকির হোসেন মজুমদার বলেন, এই দুর্ঘটনা এবং ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি ফৌজদারী আইনের অপরাধ। কিন্তু ক্ষতিগ্রস্ত কোনো যাত্রী বা এর নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিআইডব্লউটিএ এ ব্যাপারে মামলা করার কথা। তবে পুলিশও বাদী হয়ে মামলা করতে পারে।
তিনি বলেন, আরেকদিন অপেক্ষা করে দেখবেন। কেউ অভিযোগ না করলে পুলিশ বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়েরের ব্যবস্থা করবে।
